সাম্প্রতিক সংবাদ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

ক.বি.ডেস্ক: জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক অর্জন করল দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ, হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল; আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদক অর্জনের প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, “মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য”।

এ টি এম হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে”।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এ স্বীকৃতি আকিজ এগ্রো ফিডের গুণগত মান বজায় রাখা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। আকিজ এগ্রো ফিড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *