কার্টআপে মিলবে রিয়েলমির স্মার্টফোন ও অ্যাকসেসরিজ
ক.বি.ডেস্ক: বাংলাদেশে অনলাইন বিক্রি ও পণ্য বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সঙ্গে অংশীদারিত্ব করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এখন থেকে কার্টআপের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও অ্যাকসেসরিজ কিনতে পারবেন গ্রাহকেরা। অনলাইন বিক্রয় চ্যানেলে রিয়েলমির উপস্থিতি আরও জোরদার হবে, একই সঙ্গে গ্রাহকেরা কার্টআপ প্ল্যাটফর্ম থেকে রিয়েলমির স্মার্টফোন ও প্রয়োজনীয় অ্যাকসেসরিজ কেনার সুযোগ পাবেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত রিয়েলমি বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন এবং অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর একটি কার্টআপ। প্রতিষ্ঠানটি দৈনন্দিন কেনাকাটার চাহিদা পূরণের পাশাপাশি মানসম্মত পণ্য সরবরাহ, পণ্যের সত্যতা নিশ্চিত করা এবং দ্রুত ডেলিভারির ওপর গুরুত্ব দেয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কার্টআপ অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে কাজ করছে।
কার্টআপের সঙ্গে অংশীদারিত্বকে বাংলাদেশে নিজেদের ডিজিটাল রিটেইল কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দেখছে রিয়েলমি। এর মাধ্যমে অনলাইন শপিং চ্যানেলে গ্রাহকদের কাছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য পৌঁছে দেয়ার সুযোগ বাড়বে। অনলাইনে পণ্য কেনার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর সুযোগ সম্প্রসারণ করা। উদ্ভাবন, সহজলভ্যতা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রযুক্তিপণ্য সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে রিয়েলমি।





