সাম্প্রতিক সংবাদ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে হবে: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ক.বি.ডেস্ক: উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে নভেম্বর ২০২৬ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সভাপতিত্ব করেন আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। সভায় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘দেশে বর্তমানে আইফোন ছাড়া প্রায় সব ধরনের মুঠোফোন ও ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হচ্ছে। হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদনের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি এসব পণ্য রপ্তানিমুখী করতে হবে। এ খাতে নতুন উৎপাদন ব্যবস্থা চালু এবং দীর্ঘমেয়াদি টেকসই উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।’’

সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং অর্জনের চিত্র তুলে ধরেন। এ সময় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *