আনুষাঙ্গিক মোবাইল

৫ গিগাহার্টজ গতির নতুন স্ন্যাপড্রাগন আনছে কোয়ালকম

ক.বি.ডেস্ক: মোবাইল প্রসেসরের গতিতে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে কোয়ালকম। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, তাদের পরবর্তী প্রজন্মের শীর্ষস্থানীয় স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো মোবাইল প্রসেসরের গতি ৫ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাবে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া স্ন্যাপড্রাগন সম্মেলনে কোয়ালকম নতুন দুটি স্ন্যাপড্রাগন ৮ এলিট সিরিজের চিপসেট উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য নতুন চিপসেট দুটি হলো স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ এবং জেন ৬ প্রো।

কোয়ালকমের প্রকাশিত তথ্যমতে, নতুন প্রজন্মের এই মোবাইল প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে প্রতিষ্ঠানের নিজস্ব ওরিয়ন প্রসেসর। নতুন এই প্রসেসরের সর্বোচ্চ গতি হবে ৫ গিগাহার্টজ। এতে থাকবে বিশেষভাবে তৈরি দুটি প্রধান কোর এবং ছয়টি কর্মক্ষমতা কোর। দুটি প্রধান কোরের গতি ৫ দশমিক ০১ গিগাহার্টজ পর্যন্ত হতে পারে। তিনটি কর্মক্ষমতা কোর চলতে পারে ৪ দশমিক ৩ গিগাহার্টজ গতিতে এবং বাকি তিনটির গতি হতে পারে ৩ দশমিক ৭৪ গিগাহার্টজ।

নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ সিরিজে আরও থাকছে ওরিয়ন ফ্লেক্সক্যাশ নামে নতুন ধরনের ক্যাশ স্মৃতি বিন্যাস। এই ব্যবস্থায় সব প্রসেসর কোর একটি যৌথ ক্যাশ স্মৃতির ভান্ডার ব্যবহার করতে পারবে। কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কোরগুলোর মধ্যে এই স্মৃতি বণ্টন করা হবে। ফলে বেশি ক্ষমতাসম্পন্ন কাজের সময় প্রয়োজনীয় কোর অতিরিক্ত ক্যাশ স্মৃতি ব্যবহার করতে পারবে। এতে তুলনামূলক ধীরগতির মূল স্মৃতির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘ সময় কর্মক্ষমতা ধরে রাখা সহজ হবে।

কোয়ালকম জানিয়েছে, নতুন প্রজন্মের এই প্রসেসরের ফলে মোবাইলের অ্যাপ দ্রুত চালু হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজ, গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ পরিচালনা এবং ভিডিও সম্পাদনার গতি ও কর্মক্ষমতাও বাড়বে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *