উদ্যোগ

১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সুরক্ষা প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী

ক.বি.ডেস্ক: দেশের নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে এবারের এই দুটি প্রদর্শনী।

এবারের এই দুটি প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে দেশের আইসিটি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) এবং প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড। এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি, অগ্নিনিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুসরণের সর্বশেষ প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ আয়োজনে ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশ নেবে। বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুরক্ষা খাতের জন্য এ প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

বিসিএস-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘‘নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আগামীর জন্য শক্তিশালী ও আধুনিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এবারের প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য তুলে ধরবে। এর ফলে দর্শনার্থীরা নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার এবং এর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেয়ার সুযোগ পাবেন।’’

আই-স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, ‘এবারের প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। থাকবে সার্ভেইল্যান্স ও মনিটরিং সিস্টেম, সাইবার সিকিউরিটি, অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক প্রযুক্তি, সিকিউরিটি সফটওয়্যার, নেটওয়ার্কিং সুইচ, ডিজিটাল ভল্ট এবং সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও সমাধান। শুধু পণ্য প্রদর্শন নয়, আয়োজনে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রযুক্তির সুরক্ষা বিশেষজ্ঞ ও সুরক্ষা খাত সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি হবে।’’

প্রদর্শনীতে পিপিই, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক সেফটি ও কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড-সংক্রান্ত প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অংশগ্রহণে প্রদর্শনীতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, ডিস্ট্রিবিউটর, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সেফটি প্রফেশনাল, ব্যবসায়ী, সিদ্ধান্ত গ্রহণকারী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে।

বিনামূল্যে দুটি প্রদর্শনীতে অংশগ্রহণ করা যাবে। আগ্রহীকে প্রদর্শনীতে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬তে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে https://shorturl.at/oIL45 এই লিংকে। আর অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬তে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে https://shorturl.at/7Zcx5 এই লিংকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *