উদ্যোগ

মহাকাশবিজ্ঞানী হওয়ার স্বপ্নে ৩০ কিশোরী, শুরু হলো ‘গার্লস স্পেস মিশন ২০৩৫’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের কিশোরীদের মধ্যে মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যৎ নারী বিজ্ঞানী ও প্রকৌশলী গড়ে তোলার লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘গার্লস স্পেস মিশন ২০৩৫ বাংলাদেশ’ শীর্ষক বিশেষ শিক্ষামূলক কর্মসূচি। স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে এবং আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (কাসা) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় ৩০ জন কিশোরী।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার একটি অনুকরণমূলক অভিজ্ঞতা লাভ করে। এ জন্য তাদের পাঁচটি দলে ভাগ করা হয়। দলগুলো রকেট ও উৎক্ষেপণব্যবস্থা, মঙ্গল অবতরণযান, অনুসন্ধানী রোবট, মঙ্গল গ্রহে আবাসন এবং মঙ্গলবিষয়ক বিজ্ঞান ও জীবনধারণব্যবস্থা নিয়ে কাজ করে। প্রতিটি দলকে মঙ্গল অভিযান পরিচালনার বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলার ধারণা দেওয়া হয়।

হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ, দলগত সমস্যা সমাধান ও অভিযান অনুকরণের মাধ্যমে কিশোরীরা মহাকাশ অনুসন্ধানের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে তাদের সৃজনশীলতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, ‘‘প্রতিটি শিশুর মধ্যেই বিজ্ঞানী, প্রকৌশলী কিংবা উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা বিকাশে প্রয়োজন উপযুক্ত পরিবেশ, হাতে-কলমে শেখার সুযোগ এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা। ‘গার্লস স্পেস মিশন ২০৩৫’-এর উদ্দেশ্য শুধু কিশোরীদের মহাকাশ সম্পর্কে ধারণা দেয়া নয়; বরং তাদের আত্মবিশ্বাসী করে তোলা, বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শেখানো এবং বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা।’’

তিনি আরও বলেন, ‘‘অংশগ্রহণকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করে মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, প্রকৌশল ও গবেষণায় তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই কিশোরীদের মধ্য থেকেই কেউ মহাকাশবিজ্ঞানী, রোবোটিকস প্রকৌশলী কিংবা আন্তর্জাতিক গবেষক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করছি।’’

কিশোরীদের জন্য থাকছে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ
কর্মসূচির ধারাবাহিকতায় ৩০ জন অংশগ্রহণকারীর জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে স্পেস ইনোভেশন ক্যাম্প। এর আওতায় মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, রকেট প্রযুক্তি ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে উন্নত প্রশিক্ষণ, গবেষণাভিত্তিক প্রকল্প, মঙ্গল অনুসন্ধানী রোবট ও আবাসনের মডেল তৈরি এবং নিয়মিত মহাকাশ অভিযান অনুকরণের কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের সঙ্গে কিশোরীদের যুক্ত করে একটি পরামর্শক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা, গবেষণা উপস্থাপনা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেতে পারে।

‘গার্লস স্পেস মিশন ২০৩৫’-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণায় আগ্রহী দক্ষ ও আত্মবিশ্বাসী নারী প্রজন্ম গড়ে তোলায় অবদান রাখা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *