বিসিসির আইটিইই পরীক্ষার প্রস্তুতি, ইউআইটিএসে ২৮ শিক্ষার্থীর প্রশিক্ষণ সম্পন্ন
ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি সনদ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)-এর সহযোগিতায় আয়োজিত ৩০ দিনব্যাপী আইটিইই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। প্রশিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৮ জন শিক্ষার্থী আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউআইটিএসের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং সিএসই বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে আইসিটি বিভাগের বিসিসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং জাইকা (জেআইসিএ) কর্তৃক প্রশিক্ষিত মাস্টার টিওটি ট্রেনার অধ্যাপক ড. শামীম এইচ রিপন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।
প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সির (আইপিএ) অধীনে পরিচালিত ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং (এফই) পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইটি সনদ অর্জনের প্রস্তুতি নেয়ার সুযোগ তৈরি করেছে। এ সনদ আইসিটি খাতে পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে মোট ৩০টি সেশনে ৬০ ঘণ্টার পাঠদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ রিপন, ব্র্যাক ইউনিভার্সিটির আন্নাজিয়াত আলিম রাসেল এবং ইউআইটিএস-এর ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।
প্রশিক্ষণের অংশ হিসেবে গত ১১ ও ১২ অক্টোবর মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ফল করা তিন শিক্ষার্থীকে সমাপনী অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেয়া সব শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়। আগামী ৩১ অক্টোবর ঢাকার আইসিটি টাওয়ারে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন নিবন্ধিত ২৮ শিক্ষার্থী। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের প্রস্তুতি জোরদার হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





