উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

ধানমন্ডিতে ‘ব্রডব্যান্ড কমন অ্যাক্সেস নেটওয়ার্ক’ এর উদ্বোধন

ক.বি.ডেস্ক: ধানমন্ডি এলাকায় সমন্বিত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত, দ্রুতগতির এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ‘ব্রডব্যান্ড কমন অ্যাক্সেস নেটওয়ার্ক’-এর উদ্বোধন করা হয়েছে। এখন থেকে একটি ভূগর্ভস্থ ফাইবারের মাধ্যমেই সব অপারেটর গ্রাহক পর্যায়ে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেবে। এর মাধ্যমে পছন্দমতো আইএসপি বেছে নিতে পারবেন গ্রাহকরা।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর উদ্যোগে ‘ব্রডব্যান্ড কমন অ্যাক্সেস নেটওয়ার্ক’- এর উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসপিএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন আইএসপিএবির সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মহবুব আলম রাজু, যুগ্ন-সাধারণ সম্পাদক ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মো. মঈন উদ্দিন আহমেদ, ছয়জন পরিচালক রাশেদুর রহমান রাজন, মো মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘‘আলাদা আলাদা অবকাঠামোর কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। তাই সংশ্লিষ্ট সব সেবা ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবল টিভি একই পরিকল্পনার আওতায় এনে আন্ডারগ্রাউন্ডে নেয়া প্রয়োজন। ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামোর বিকল্প নেই। ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। নগরজুড়েই এ ধরনের সেবা চালু করতে হবে। সিটি করপোরেশনে একাধিক তার ব্যবহার না করে একক সংযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট, টেলিভিশন ও টেলিফোনের ব্যবস্থা করতে হবে।’’

মো. এমদাদ উল বারী বলেন, ‘‘আমি আশা করবো এই সেবা বাস্তবায়নে যেসব বিপত্তি ছিল তা শনাক্ত করে অন্যান্য এলাকাতেও এই নেটওয়ার্ক চালু করা হবে। একই সঙ্গে নতুন অপারেটরের জন্য বিনা বাধায় এই কমন অ্যাক্সেস নেটওয়ার্ক ব্যবহার করতে পারে আইএসপিএবি তা নিশ্চিত করবে।’’

সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘‘সিটি করপোরেশন যদি রাস্তা কাটার ফি মওকুফ করে বিনামূল্যে ক্যাবল স্থাপনের সুযোগ দেয়, তবে খুব দ্রুত ঢাকাকে স্মার্ট ক্যাবল নেটওয়ার্কের আওতায় আনা যাবে। একইসঙ্গে বিটিআরসি যদি অ্যাকটিভ শেয়ারিং নীতিমালা চালু করে দেয় এবং সরকার ট্রিপল প্লে চালুর অনুমোদন দেয় তবে ঢাকা নগরির পাশাপাশি পুরো দেশকেই স্মার্ট নেটওয়ার্কের অধীনে নিয়ে আসবে আইএসপিএবি।’’

নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘‘ইন্টারনেট সেবায় অ্যাক্টিভ শেয়ার বাস্তবায়ন করা হলে সারাদেশে আগামী দুই বছরের পাঁচ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে।’’

আয়োজকরা জানান, এই উদ্যোগের ফলে ধানমন্ডি এলাকায় ইন্টারনেটের গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে। একই সঙ্গে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বারবার রাস্তা খোঁড়াখুঁড়ির বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *