সাম্প্রতিক সংবাদ

ঢাকায় অফিস খুলতে চায় মেটা, বাংলাদেশের অনলাইন ব্যবসায় নজর

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তি ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকায় অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান), পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশে অফিস খোলার ব্যাপারে মেটা অত্যন্ত আগ্রহী। ঢাকাকে তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও আলোচনায় এসেছে। দেশের বড় ফেসবুক ব্যবহারকারীভিত্তিও মেটার আগ্রহের অন্যতম কারণ হিসেবে ওঠে এসেছে। দেশের সাইবার নিরাপত্তা আইন সহ ডিজিটাল খাতের বিভিন্ন নীতিগত বিষয় নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে মেটার সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়েছে। অনলাইন ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশকে সহযোগিতা করতে মেটা আগ্রহী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের জন্য মেটার প্ল্যাটফর্মে পেমেন্ট সুবিধা নিয়েও কাজ হয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা ডিজিটাল বিজ্ঞাপনের মতো সেবায় স্থানীয় পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া মেটার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসাগুলোকে ডিজিটাল বিপণন, অনলাইন ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারে সহায়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

শামা ওবায়েদ ইসলামের মতে, বাংলাদেশের বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং দ্রুত সম্প্রসারিত অনলাইন ব্যবসার বাজারকে কেন্দ্র করে মেটার সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে ডিজিটাল বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে এ ধরনের সহযোগিতা ভূমিকা রাখতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *