সাম্প্রতিক সংবাদ

কোরিয়ার ডব্লিউএফকে আইটি ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত ইউআইটিএস

ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কোরিয়ার মর্যাদাপূর্ণ ‘‘২০২৬ ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম’’-এ নির্বাচিত হয়েছে। কোরিয়ার ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সির (এনআইএ) সহায়তায় পরিচালিত এ আন্তর্জাতিক উদ্যোগে অন্তর্ভুক্তির মাধ্যমে ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের তথ্যপ্রযুক্তি শিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় কোরিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি), ডেজিয়নের একদল মেধাবী শিক্ষার্থী আগামী ১৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য নিবিড় অনলাইন আইসিটি প্রশিক্ষণ পরিচালনা করবেন।

তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিং, ভাইব কোডিং, আধুনিক এআই-সহায়ক সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অন্যান্য সমসাময়িক ডিজিটাল প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেয়া হবে। বিশেষ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এ কর্মসূচিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রকল্প উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দলগতভাবে একটি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেবেন। জমা দেয়া প্রকল্পগুলো যৌথভাবে কেএআইএসটি ও ইউআইটিএসের বিশেষজ্ঞরা মূল্যায়ন করবেন। সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের পাশাপাশি বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার মানোন্নয়নেও এটি ইতিবাচক অবদান রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *