আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে বাংলাদেশের প্রথম স্বীকৃতি পেল স্পেকট্রাম
ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, দ্রুত ও কাগজবিহীন লেনদেনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’-এর স্বীকৃতি পেয়েছে। এই অর্জন দেশের ডিজিটাল বাণিজ্যব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি (আইএমডিএ)-এর তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রযুক্তিব্যবস্থার মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে তৈরি, আদান-প্রদান ও স্বাধীনভাবে যাচাই করা যায়। এই স্বীকৃতির ফলে স্পেকট্রাম বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল বাণিজ্য মঞ্চ ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একই কাঠামোর আওতায় কাজ করার সুযোগ পেয়েছে।
বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের জন্য এই স্বীকৃতি এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে অনুমোদিত বাণিজ্যপথের মাধ্যমে বাণিজ্যিক নথি ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়াকরণের পরীক্ষামূলক কাঠামো চালু করেছে। এতে নথি সংগ্রহ ও ঋণপত্রের আওতায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিব্যবস্থার আন্তঃসংযোগ, নথির সত্যতা যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে স্পেকট্রামের। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্বয়ংক্রিয় করার প্রযুক্তির পাশাপাশি গ্রিনএলসি ও স্পেকট্রাট্রেডের মতো ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই প্রতিষ্ঠানটি আন্তঃসংযুক্ত ডিজিটাল বাণিজ্য মঞ্চ তৈরি করে দেশের ১০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে ঋণপত্র ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ শুরু করে। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিব্যবস্থাকে একসঙ্গে যুক্ত করা এবং ডিজিটাল নথি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল ও আন্তঃসংযুক্ত বাণিজ্যব্যবস্থার লক্ষ্য শুধু কাগজের পরিবর্তে ইলেকট্রনিক নথি ব্যবহার নয়। এর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমে সময় ও প্রশাসনিক ব্যয় কমানো, স্বচ্ছতা বাড়ানো এবং দেশ-দেশান্তরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাংকের মধ্যে নির্ভরযোগ্য নথি দ্রুত আদান-প্রদান করা সম্ভব। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে বাণিজ্য পরিচালনার ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়তে পারে।
স্পেকট্রামের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি বাংলাদেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের নিরাপদ ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি করবে।





