দেশের সেরা এইচআর সফটওয়্যারের স্বীকৃতি পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এইচআর’
ক.বি.ডেস্ক: দেশের সেরা এইচআর (হিউম্যান রিসোর্স) ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে স্বীকৃতি পেয়েছে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্ল্যাটফর্ম ‘পারফেক্ট এইচআর’। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) আয়োজিত ৮ম জাতীয় সম্মেলনে ‘বেস্ট এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশন টুলস’ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করে সফটওয়্যারটি।
ড্যাফোডিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের ফ্ল্যাগশিপ পণ্য ‘পারফেক্ট এইচআর’ মূলত একটি সমন্বিত এআই-নির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ থেকে শুরু করে বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা মূল্যায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এইচআর কার্যক্রম স্বয়ংক্রিয় ও সহজ করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড এআই: রি-স্কিলিং ফর দ্য ফিউচার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ‘‘এফবিএইচআরওর ৮ম জাতীয় সম্মেলন’’। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জহিরুল হক চৌধুরী ‘বেস্ট এইচআর সফটওয়্যার সলিউশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিএইচআরওর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সহসভাপতি ড. ফরিদ এ সোবহানী, ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান সহ দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।
আয়োজকদের তথ্যমতে, একটি নিরপেক্ষ ও ব্লাইন্ড মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কারের জন্য বিজয়ী নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে স্বাধীন বিচারক প্যানেল নির্ধারিত মানদণ্ড অনুসারে প্রতিযোগী সফটওয়্যারগুলোর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা, বাংলাদেশের শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য, তথ্যের গোপনীয়তা এবং গ্রাহক অভিজ্ঞতা যাচাই করেন। এসব মূল্যায়নের ভিত্তিতেই ‘পারফেক্ট এইচআর’কে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ‘পারফেক্ট এইচআর’-এ রয়েছে স্বয়ংক্রিয় সিভি যাচাই ও প্রার্থী বাছাই, কর্মী নিয়োগ, দক্ষতা ও সম্ভাবনা মূল্যায়ন, পেরোল বা বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের মতো সুবিধা। প্ল্যাটফর্মটির ডেটা-নির্ভর বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক তথ্য ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা দ্রুত ও কার্যকর কৌশলগত সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিচালন দক্ষতা উন্নয়নেও এটি সহায়তা করে।
ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের জন্য এই অর্জন দেশের সফটওয়্যার খাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও এআই-নির্ভর সমাধান তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার যে আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনার চাহিদা পূরণে ভূমিকা রাখতে সক্ষম, এ পুরস্কার তারও প্রতিফলন।





