আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

৪কে রেজ্যুলেশনে ১২০ হার্টজ ও ফুল এইচডিতে ২৪০ হার্টজ, শাওমির নতুন মনিটর

ক.বি.ডেস্ক: ৪কে রেজ্যুলেশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং বিশেষ ম্যাক ডিসপ্লে কালার মোড এমন সব সুবিধা নিয়ে বৈশ্বিক বাজারে নতুন মনিটর উন্মোচন করেছে শাওমি। ‘শাওমি ৪কে মনিটর এ২৭ইউআই ১২০ হার্টজ’ মডেলের এই মনিটরটি আগের সংস্করণের তুলনায় বেশি উজ্জ্বল এবং দ্রুতগতির। এতে ৪কে রেজ্যুলেশনে ১২০ হার্টজের পাশাপাশি ফুল এইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ২৪০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। পেশাদার কাজের পাশাপাশি গেমিংয়েও বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

ডিজাইনের ক্ষেত্রে স্লিম ও প্রায় বেজেলবিহীন নকশা ধরে রেখেছে শাওমি। এতে ব্যবহার করা হয়েছে ৪কে আইপিএস প্যানেল, যা ১০৭ কোটি রঙ প্রদর্শনে সক্ষম। ডিসপ্লেটিতে ডিসিআই-পিথ্রি কালার গ্যামাটের ৯৮ শতাংশ কভারেজ এবং ডেল্টা ই ১-এর কম কালার অ্যাকুরেসি রয়েছে। ফলে ছবি সম্পাদনা, ভিডিও এডিটিং ও গ্রাফিকস ডিজাইনের মতো রঙের নির্ভুলতা-নির্ভর কাজেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

নতুন এই মনিটরটির ডিসপ্লের উজ্জ্বলতা ৪০০ নিটস। ম্যাকবুকের ডিসপ্লের সঙ্গে রঙের সামঞ্জস্য বজায় রাখতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘এম মোড’। এর মাধ্যমে ম্যাকবুক ব্যবহারকারীরা দুই ডিসপ্লেতে তুলনামূলকভাবে কাছাকাছি রঙের অভিজ্ঞতা পাবেন।

এর রিফ্রেশ রেট ৪কে (৩৮৪০ × ২১৬০ পিক্সেল) রেজ্যুলেশনে সর্বোচ্চ ১২০ হার্টজ সমর্থন করে। দ্রুতগতির গেমিংয়ের জন্য রেজ্যুলেশন কমিয়ে ১০৮০পি বা ফুল এইচডি করলে রিফ্রেশ রেট বাড়িয়ে সর্বোচ্চ ২৪০ হার্টজ পর্যন্ত নেয়া যাবে। ফলে শুটার, রেসিংসহ দ্রুতগতির গেমে আরও মসৃণ দৃশ্য ও উন্নত মোশন অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

সংযোগের ক্ষেত্রে রয়েছে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪, দুটি ইউএসবি-এ এবং একটি ইউএসবি-সি পোর্ট। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ল্যাপটপে সর্বোচ্চ ৯০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বা চার্জ দেয়া যাবে। ফলে আলাদা চার্জার ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ল্যাপটপ সংযুক্ত করে কাজ করার সুবিধা মিলবে।

ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনা করে মনিটরটির স্ট্যান্ডেও রাখা হয়েছে একাধিক সমন্বয় সুবিধা। এতে উচ্চতা পরিবর্তন, টিল্ট, সুইভেল ও পিভট করার সুযোগ রয়েছে। ফলে কাজের ধরন ও বসার অবস্থান অনুযায়ী ডিসপ্লের অবস্থান সহজেই পরিবর্তন করা যাবে।

শাওমি তাদের বৈশ্বিক ওয়েবসাইটে নতুন ৪কে মনিটর এ২৭ইউআই ১২০ হার্টজ মডেলটি তালিকাভুক্ত করেছে। তবে কবে নাগাদ এটি বিক্রির জন্য বাজারে আসবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। মূল্যের বিষয়ে শাওমি এখনও কিছু জানায়নি। নতুন মডেলটির মূল্য আগের সংস্করণের তুলনায় কতটা বাড়বে, তা জানতে আনুষ্ঠানিক বিক্রির ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *