গেমিং মনিটরে নতুন চমক, ১১০০ হার্টজ রিফ্রেশ রেট নিয়ে স্যামসাং ওডিসি জি৬
ক.বি.ডেস্ক: গেমিং মনিটরের জগতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ২৭ ইঞ্চির ওডিসি জি৬ (জি৬০এইচ) গেমিং মনিটরে রয়েছে সর্বোচ্চ ১১০০ হার্টজ রিফ্রেশ রেট। ডুয়াল মোড প্রযুক্তির সুবিধায় মনিটরটিতে কিউএইচডি রেজ্যুলেশনে ৬০০ হার্টজ এবং এইচডি রেজ্যুলেশনে ১১০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে।
স্যামসাং জানিয়েছে, ওডিসি জি৬ (জি৬০এইচ) বিশ্বের প্রথম গেমিং মনিটর, যা সর্বোচ্চ ১১০০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মনিটরটিতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফাস্ট আইপিএস প্যানেল, যার নেটিভ রেজ্যুলেশন ২৫৬০ × ১৪৪০ পিক্সেল বা কিউএইচডি। এর ডুয়াল মোড প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী রেজ্যুলেশন ও রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারবেন। কিউএইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ৬০০ হার্টজ এবং এইচডি রেজ্যুলেশনে (১২৮০ × ৭২০ পিক্সেল) সর্বোচ্চ ১১০০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এ ছাড়া মনিটরটির গ্রে-টু-গ্রে রেসপন্স টাইম ১ মিলিসেকেন্ড।
দ্রুতগতির গেমিংয়ে মোশন ব্লার কমাতে মনিটরটিতে যুক্ত করা হয়েছে ‘ওডিসি ক্লিয়ার মোশন’ প্রযুক্তি। বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে দ্রুত চলমান দৃশ্যগুলোকে আরও স্পষ্টভাবে দেখানোর পাশাপাশি গেমিং অভিজ্ঞতা উন্নত করবে এই প্রযুক্তি। ভবিষ্যতে স্যামসাংয়ের আরও গেমিং মনিটরে এ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ছবির মান উন্নত করতে মনিটরটিতে রয়েছে এইচডিআর১০ ও এইচডিআর১০+ গেমিং সমর্থন। এইচডিআর১০+ গেমিং প্রযুক্তি সমর্থিত গেমে দৃশ্য অনুযায়ী উজ্জ্বলতা ও কনট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে। পাশাপাশি অন্ধকার অংশের দৃশ্যমানতা বাড়াতে রয়েছে ব্ল্যাক ইকুয়ালাইজার সুবিধা।
ডিসপ্লেটির সর্বোচ্চ সাধারণ উজ্জ্বলতা ৪০০ নিট, কনট্রাস্ট রেশিও ১০০০:১ এবং কালার কভারেজ ৯৯ শতাংশ এসআরজিবি। সংযোগের জন্য এতে রয়েছে একটি ডিসপ্লেপোর্ট ২.১, দুটি এইচডিএমআই ২.১, একটি ইউএসবি-বি, দুটি ইউএসবি-এ পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। গেমিং ও কাজের সুবিধায় মনিটরটির স্ট্যান্ডে উচ্চতা পরিবর্তন, টিল্ট, সুইভেল ও পিভট সমন্বয়ের সুবিধা রয়েছে। এ ছাড়া ১০০ × ১০০ মিলিমিটার ভেসা মাউন্ট সমর্থন করে এটি।
যুক্তরাষ্ট্রের বাইরে স্যামসাং ওডিসি জি৬ (জি৬০এইচ) মনিটরের মূল্য ও বাজারজাতকরণের সময়সূচি এখনও ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। ২৭ ইঞ্চির এই মনিটরটি আগামী ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে মনিটরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯.৯৯ ডলার।





