অন্যান্য মতামত

স্বয়ংক্রিয় বিন ও ভ্যাটের চাপে ক্ষুদ্র উদ্যোক্তারা, সুরক্ষায় কী ভাবছে সরকার ও এনবিআর?

সোহেল মৃধা: ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার নিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছে বর্তমান সরকার। তবে দ্রুত সম্প্রসারিত অনলাইন ব্যবসা, ই-কমার্স, এফ-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভ্যাট ব্যবস্থার জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বিশেষ করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিন) তৈরি, নিয়মিত রিটার্ন জমা এবং ব্যাংক হিসাব ও ট্রেড লাইসেন্সের সঙ্গে বিনের বাধ্যবাধকতা ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

রাজস্ব বাড়ানো ও কর ফাঁকি বন্ধ করা সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু ব্যবসার প্রকৃত অবস্থা ও বিক্রির পরিমাণ যাচাই না করে বিন তৈরি এবং রিটার্নের বাধ্যবাধকতা আরোপ করলে উদ্যোক্তাদের জন্য তা বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে। ডিজিটাল বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিটাল কমার্স রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির (সিডিসিআরএ) পর্যবেক্ষণেও ওঠে এসেছে, ব্যবসা প্রতিষ্ঠিত হওয়ার আগেই জটিল কর প্রক্রিয়া চাপিয়ে দিলে ক্ষুদ্র উদ্যোক্তারা নিরুৎসাহিত হন।

ভ্যাট আইন ও বিন নিবন্ধনের বর্তমান নিয়ম
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং পরবর্তী সংশোধনী অনুযায়ী, টানা ১২ মাসে করযোগ্য বিক্রি ৫০ লাখ টাকা অতিক্রম করলে পূর্ণ ভ্যাট নিবন্ধন বা বিন বাধ্যতামূলক। আগে এ সীমা ছিল ৩ কোটি টাকা, যা ২০২৫ সালের জানুয়ারিতে কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়। অন্যদিকে, বার্ষিক বিক্রি ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে থাকলে ৪ শতাংশ হারে টার্নওভার কর প্রযোজ্য।

আমদানি-রপ্তানি, দরপত্রে অংশগ্রহণ এবং সম্পূরক শুল্কযুক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে বিক্রির পরিমাণ নির্বিশেষে নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাব খোলা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, ইউটিলিটি সংযোগ ও মার্চেন্ট অ্যাকাউন্টের মতো বিভিন্ন কাজে বিন বা তালিকাভুক্তি সনদের প্রয়োজন হচ্ছে। ২০২৬ সালের জুলাই থেকে কার্যকর বিধান অনুযায়ী, সাধারণভাবে প্রতি তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

স্বয়ংক্রিয় বিন: প্রকৃত ব্যবসা নাকি শুধু তালিকা?
ই-ক্যাবের সদস্য তালিকা, কুরিয়ার প্রতিষ্ঠান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিন তৈরির উদ্যোগ নিয়ে প্রশ্ন রয়েছে। কোনও ব্যক্তি সংগঠনের সদস্য হলেই কিংবা কুরিয়ার বা এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলেই তাঁর ব্যবসা সক্রিয় বা করযোগ্য আয় রয়েছে, এমনটি ধরে নেয়া যায় না।

অনেকে পরীক্ষামূলকভাবে ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুললেও ব্যবসা শুরু করতে পারেন না। কারও উদ্যোগ মাঝপথে বন্ধ হয়ে যায়, আবার অনেকে মৌসুমি বা খণ্ডকালীন ব্যবসা করেন। তাঁদের প্রকৃত ব্যবসায়িক অবস্থা যাচাই না করে বিন তৈরি করলে নিষ্ক্রিয় করদাতার সংখ্যা বাড়বে। অথচ বিক্রি না থাকলেও নিয়মিত শূন্য রিটার্ন জমা না দিলে জরিমানা বা নোটিশের মুখে পড়ার আশঙ্কা থাকে।

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ভোগান্তি বাড়ছে
দেশের অনলাইন ব্যবসার বড় একটি অংশ পরিচালনা করেন নারী ও তরুণ উদ্যোক্তারা। ঘরে বসে পোশাক, খাবার, গয়না কিংবা দেশীয় পণ্য বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাঁদের অনেকের আলাদা অফিস, ট্রেড লাইসেন্স কিংবা হিসাবরক্ষক রাখার সামর্থ্য নেই।

এ অবস্থায় কুরিয়ার বা এমএফএস লেনদেনের তথ্য কিংবা ব্যাংক হিসাবের সূত্র ধরে বিন ও রিটার্নের বাধ্যবাধকতা তৈরি হলে তাঁরা বিপাকে পড়েন। সহজ বাংলায় নির্দেশিকা, হেল্পডেস্ক এবং নির্দিষ্ট বিক্রিসীমা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা না থাকলে নতুন উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক ব্যবসায় যুক্ত হওয়া কঠিন হয়ে ওঠবে।

বড় ব্যবসার ফাঁকি, ছোটদের ওপর বাড়তি চাপ কেন?
ভ্যাট ব্যবস্থায় শুধু করদাতার সংখ্যা বাড়ালেই রাজস্ব বাড়বে না; প্রকৃত করযোগ্য লেনদেন শনাক্ত করাও জরুরি। বড় ও মাঝারি প্রতিষ্ঠানের কিছু ক্ষেত্রে বিক্রি কম দেখানো, অসম্পূর্ণ হিসাব রাখা কিংবা অডিট-পরবর্তী অনানুষ্ঠানিক সমঝোতার অভিযোগ রয়েছে। অথচ ছোট উদ্যোক্তারা নিয়মের কঠোর প্রয়োগের মুখে পড়ছেন।

বড় প্রতিষ্ঠানের লেনদেন, ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে ও ই-ইনভয়েসের তথ্য সমন্বয় করে স্বচ্ছ অডিট নিশ্চিত করা গেলে কর ফাঁকি কমানো সম্ভব। অন্যদিকে, অযথা জটিলতা বাড়লে ক্ষুদ্র ব্যবসার একটি অংশ আবার নগদ ও অনানুষ্ঠানিক লেনদেনে ফিরে যেতে পারে। এতে সরকার রাজস্বের পাশাপাশি প্রকৃত ব্যবসায়িক তথ্যও হারাবে।

অন্য দেশগুলোর অভিজ্ঞতা কী বলছে?
ভারতে পণ্য ও ব্যবসার ধরন অনুযায়ী জিএসটি নিবন্ধনসীমা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য কম জটিলতার কম্পোজিশন স্কিম রয়েছে। সিঙ্গাপুরে বার্ষিক এক মিলিয়ন সিঙ্গাপুর ডলার টার্নওভারে জিএসটি নিবন্ধন বাধ্যতামূলক। মালয়েশিয়ায় নির্দিষ্ট খাতের জন্য ৫ লাখ রিঙ্গিত টার্নওভারসীমা রয়েছে। ইন্দোনেশিয়াও ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে রাজস্ব ও ব্যবহারকারীর কার্যক্রম বিবেচনায় নিয়ে কর ব্যবস্থাপনা করে। এসব দেশের অভিজ্ঞতা দেখায়, ক্ষুদ্র ও প্রারম্ভিক ব্যবসার জন্য সহজ নিয়ম এবং বড় ব্যবসার জন্য কার্যকর নজরদারি দুইয়ের সমন্বয় প্রয়োজন।

ভ্যাট হয়রানি কমাতে পাঁচটি পদক্ষেপ জরুরি
ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা এবং সরকারের রাজস্ব আদায় বাড়াতে কয়েকটি উদ্যোগ নেয়া যেতে পারে-

প্রথমত, শুধু সদস্য বা মার্চেন্ট তালিকার ভিত্তিতে বিন তৈরি না করে ব্যবসার প্রকৃত সক্রিয়তা ও বিক্রি যাচাই করতে হবে। দ্বিতীয়ত, নারী, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রথম ৬ থেকে ১২ মাস সহায়তামূলক নীতি এবং সহজ রিটার্ন ব্যবস্থা চালু করা প্রয়োজন।

তৃতীয়ত, বিন নিষ্ক্রিয় বা বন্ধ করতে ট্রেড লাইসেন্স বাতিলের বাধ্যবাধকতা তুলে আলাদা অনলাইন ব্যবস্থা চালু করা উচিত। চতুর্থত, বড় ও মাঝারি প্রতিষ্ঠানের ব্যাংকিং, কুরিয়ার, পেমেন্ট গেটওয়ে ও ই-ইনভয়েসের তথ্য সমন্বয় করে ভ্যাট ফাঁকি শনাক্ত করতে হবে। পঞ্চমত, ঢালাও অডিটের পরিবর্তে ডেটা বিশ্লেষণভিত্তিক ঝুঁকি নিরূপণ এবং এনবিআর, অর্থ মন্ত্রণালয়, ই-ক্যাব ও উদ্যোক্তা সংগঠনগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় বাড়াতে হবে।

‘সবার আগে বাংলাদেশ’ লক্ষ্য বাস্তবায়নে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। ভ্যাট ব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে সৎ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিরুৎসাহিত না হন, আবার বড় ও সক্রিয় ব্যবসা থেকেও সরকার ন্যায্য রাজস্ব পায়। বাস্তবতা বিবেচনায় সহজ নিয়ম, দপ্তরগুলোর সমন্বয় এবং স্বচ্ছ কর ব্যবস্থাপনাই পারে উদ্যোক্তাদের হয়রানি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে।

লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): প্রতিষ্ঠাতা সদস্য ই-ক্যাব; উদ্যোক্তা ও ই-কমার্স বিশ্লেষক

বিশেষ দ্রষ্টব্য: এ নিবন্ধে প্রকাশিত সব মতামত, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও মন্তব্য সম্পূর্ণরূপে লেখকের নিজস্ব। এর সঙ্গে কমপিউটার বিচিত্রা কর্তৃপক্ষ বা সম্পাদকীয় পর্ষদের কোনও সংশ্লিষ্টতা নেই। বহুমতের প্রতিফলন গণমাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য বিবেচনায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি অবিকৃত রেখে মতামতটি প্রকাশ করা হয়েছে। এর কোনও মতামতকে কমপিউটার বিচিত্রার প্রাতিষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না।।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *