সাম্প্রতিক সংবাদ

প্রতিষ্ঠানের সাইবার ঝুঁকি চিহ্নিত করতে ‘সাইবার রিস্ক হিটম্যাপ’ চালু করল ক্যাসপারস্কি

ক.বি.ডেস্ক: প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার দুর্বলতা ও ঝুঁকির জায়গাগুলো সহজে চিহ্নিত করতে ‘সাইবার রিস্ক হিটম্যাপ’ নামে নতুন একটি মূল্যায়ন টুল চালু করেছে ক্যাসপারস্কি। প্রশ্নমালাভিত্তিক এ টুল ব্যবহার করে মাত্র ১০ মিনিটে প্রতিষ্ঠানের সম্ভাব্য সাইবার ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। এর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা জোরদারে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন, তা নির্ধারণ করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

বর্তমানে কর্মী, কমপিউটার ও অন্যান্য ডিভাইস, ইমেইল, নেটওয়ার্ক, ক্লাউড সেবা এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে সাইবার ঝুঁকি তৈরি হতে পারে। পরিবর্তনশীল সাইবার হুমকির মধ্যে এসব ঝুঁকির কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করা অনেক প্রতিষ্ঠানের জন্যই কঠিন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণে সহায়তা করবে ক্যাসপারস্কির নতুন টুলটি।

সাইবার রিস্ক হিটম্যাপে ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মূল্যায়ন করা হয়। এগুলো হলো- কর্মী ও এন্ডপয়েন্ট ডিভাইসের নিরাপত্তা, ইমেইল ও নেটওয়ার্ক সুরক্ষা, ক্লাউড ও ওয়ার্কলোড, অ্যাটাক সারফেস বা সাইবার হামলার সম্ভাব্য প্রবেশপথ, নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদন্ত এবং সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলার ব্যবস্থাপনা।

প্রতিষ্ঠানের দেয়া উত্তরের ভিত্তিতে টুলটি একটি ব্যক্তিগতকৃত হিটম্যাপ তৈরি করে। এতে প্রতিটি ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির মাত্রা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক সাইবার ঝুঁকির স্কোর দেখানো হয়। পাশাপাশি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে একটি ব্যক্তিগতকৃত পিডিএফ প্রতিবেদন। এতে মূল্যায়নের ফলাফল, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নিরাপত্তা জোরদারে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক সুপারিশ থাকবে।

তবে সাইবার রিস্ক হিটম্যাপ কোনও পূর্ণাঙ্গ কারিগরি নিরীক্ষা নয়। এটি পেনিট্রেশন টেস্ট, নিরাপত্তা দুর্বলতা মূল্যায়ন, সিস্টেম ইতিমধ্যে সাইবার হামলার শিকার হয়েছে কি না তা যাচাই কিংবা বিস্তারিত সিকিউরিটি অডিটের বিকল্প হিসেবেও কাজ করবে না। বরং এটি প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারে অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।

ক্যাসপারস্কির করপোরেট প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান ইয়ানা শেভচেঙ্কো বলেন, “সাইবার নিরাপত্তা জোরদার করতে হলে প্রথমেই জানতে হবে কোথায় বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। আমাদের সাইবার রিস্ক হিটম্যাপ প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে এবং সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী তৈরি ব্যক্তিগতকৃত প্রতিবেদন ও বাস্তবভিত্তিক সুপারিশ পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দিকনির্দেশনা দেবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *