সাম্প্রতিক সংবাদ

গ্লোবালফাউন্ড্রিজে চাকরির সুযোগ, সিইএস ২০২৭-এ যাচ্ছে বাংলাদেশের ১৬ উদ্ভাবন

ক.বি.ডেস্ক: দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, গবেষণা, আন্তর্জাতিক কর্মসংস্থান এবং প্রযুক্তি উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’। সিলিকন রিভার বাংলাদেশ ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) -এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে গবেষণা সহায়তা, আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী, বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থান এবং আধুনিক গবেষণাগার স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়।

বুধবার (১১ নভেম্বর) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) অনুষ্ঠিত ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার। উপস্থিত ছিলেন এইউএসটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কমপিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি ড. মুহাম্মদ মুস্তফা হুসেইন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পপ্রতিনিধিরা।

১৮ গবেষককে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান
সিলিকন রিভারের গবেষণা উদ্যোগ ‘ক্রেস্ট’ ((CREST)-এর আওতায় ২০২৬ সালের ১০ জন ফেলোকে স্বীকৃতি দেয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক ১১টি প্রকল্পে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা গবেষণা সহায়তা পাচ্ছেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, আইইউটি, এইউএসটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইআইইউসির গবেষকেরা এ কার্যক্রমে যুক্ত রয়েছেন। নিউরাল সেমিকন্ডাক্টরের সহযোগিতায় মেমোরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ত্রিমাত্রিক চিপ সংযোজন, আরআইএসসি-ভি, কোয়ান্টাম ইলেকট্রনিকস ও ফটোনিকস নিয়ে গবেষণা হবে।

এদিকে ক্রেস্ট ২০২৬ (CREST)-এর ফেলোদের মধ্য থেকে প্রকৌশলী নিয়োগের লক্ষ্যে ১৫ নভেম্বর ঢাকায় সরাসরি সাক্ষাৎকার নেয়ার পরিকল্পনা করেছে বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান গ্লোবালফাউন্ড্রিজ। নির্বাচিতরা প্রতিষ্ঠানটির নিয়মিত পূর্ণকালীন প্রকৌশলী পদে নিয়োগের সুযোগ পাবেন। তবে চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে প্রতিষ্ঠানটির নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার ওপর।

সিইএস ২০২৭-এ বাংলাদেশের ১৬ উদ্ভাবন
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আগামী ৬ থেকে ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৭-এ বাংলাদেশের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি উদ্ভাবন প্রদর্শিত হবে। ‘বাংলাদেশ ইনোভেটস প্যাভিলিয়ন’-এ স্থান পাওয়া এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে ১০টি হার্ডওয়্যার এবং ছয়টি সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, এআইইউবি, আইআইইউসি, ইউআইইউ, এমআইএসটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বিএআইইউএসটি এবং ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়। প্রদর্শনীতে চিকিৎসাযন্ত্র, কৃত্রিম হাত, ব্রেইল মুদ্রণযন্ত্র, কৃষি ড্রোন, সৌর প্যানেল পরিষ্কারক রোবট, স্মার্ট গ্রিড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তুলে ধরা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ, বাজার ও শিল্প-অংশীদারত্ব তৈরির লক্ষ্য রয়েছে।

পাঁচ প্রতিষ্ঠানের উদ্যোগে সেমিকন্ডাক্টর গবেষণা কেন্দ্র
যুক্তরাষ্ট্রের ইয়েল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস (ওয়াইইএস)-এর সহযোগিতায় প্রথম ওয়াইইএস সহযোগী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর টেকনোলজি গবেষণা কেন্দ্রের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম নির্বাচিত হয়েছে। এতে অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি। ওয়াইইএস-জি১০০০ প্লাজমা প্রসেসিং যন্ত্রকে কেন্দ্র করে সেমিকন্ডাক্টর প্রক্রিয়াজাতকরণ, চিপ প্যাকেজিং, ডিভাইস গবেষণা ও ডিজিটাল টুইন প্রযুক্তি উন্নয়নের কাজ হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যন্ত্রটি দেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৬০টির বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কার্যক্রম
সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চের কার্যক্রম বর্তমানে ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত। পাশাপাশি ভার্চুয়াল ফ্যাবল্যাবের ব্যবহারকারী ৬ হাজার ১০০ ছাড়িয়েছে। বুয়েটের স্টার সুবিধা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণাগার পুনরুজ্জীবন এবং সিকিপ কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেয়ার কার্যক্রমও এগিয়ে চলছে।

২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত বড় পরিকল্পনা
সিলিকন রিভারের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ২০২৭ সালে গ্লোবালফাউন্ড্রিজের সঙ্গে উন্নত চিপ নকশা কিট উদ্যোগ, ২০২৮ সালে চিপ সংযোজন ও পরীক্ষার যৌথ উদ্যোগ এবং ২০২৯ সালে ১৮০ ন্যানোমিটার প্রযুক্তির এমইএমএস চিপ উৎপাদন সুবিধা প্রতিষ্ঠা। এ ছাড়া ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ব্যয়ে ডিজিটাল টুইন ও পরীক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। সিলিকন রিভারের লক্ষ্য বাংলাদেশকে শুধু প্রযুক্তির ভোক্তা নয়, বরং গবেষণা, মেধাস্বত্ব, নিজস্ব প্রযুক্তিপণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে অবদান রাখতে সক্ষম একটি উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তর করা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *