সাম্প্রতিক সংবাদ

বাংলা ভাষার নিজস্ব এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ

ক.বি.ডেস্ক: ইংরেজি ও বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে ২৫ কোটি ডলার অর্থায়ন চেয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশি মুদ্রায় প্রস্তাবিত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। এ উদ্যোগে দক্ষিণ কোরিয়ারও যৌথ অর্থায়নের আগ্রহ রয়েছে।

প্রস্তাবিত কর্মসূচির আওতায় শুধু বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি নয়, বরং আধুনিক কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সরকারি সেবা ও ব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।

সম্প্রতি এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানান, বাংলাদেশ সরকার ও এডিবি ২৫ কোটি ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। তবে অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরকার সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় একটি কার্যকর এআই মডেল তৈরির সম্ভাবনা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করে। সেখানে এলজি এআই রিসার্চ, ফুরিওসাএআই ও নাভারের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এলজি এআই রিসার্চের তৈরি আঞ্চলিক ভাষাভিত্তিক এআই মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলা ভাষার নিজস্ব এলএলএম তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এআই পরিচালনায় বিদ্যুৎ খরচ ও ব্যয় কমাতে ফুরিওসাএআইয়ের বিশেষায়িত চিপ ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি তথ্যকেন্দ্র ও ক্লাউড অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নাভারের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত কর্মসূচিতে দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (কেক্সিম) আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন চিংফেং ঝাং। ফলে এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এডিবির পরিকল্পনা অনুযায়ী, সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতি অনেকটা এগিয়েছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য রয়েছে। অন্যদিকে, এআই ও প্রযুক্তি ভিলেজ প্রতিষ্ঠায় কয়েক ধাপে বিনিয়োগ করা হতে পারে। এর আগে কারিগরি সমীক্ষা ও প্রকল্প প্রস্তুতির কাজ শেষ করতে হবে।

এডিবির মতে, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তৈরি এআই মডেল স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানো, পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নতুন বাজার সম্প্রসারণেও এ প্রযুক্তি সহায়ক হবে।

কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি ভিলেজের মধ্যে অংশীদারত্ব গড়ে ওঠলে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ বাড়বে। এতে তৈরি পোশাকশিল্পের বাইরেও উচ্চমূল্য সংযোজনকারী শিল্পের বিকাশে সহায়তা মিলতে পারে।

এদিকে বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগের আওতায় আগামী ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। তবে বাংলা ভাষার নিজস্ব এআই তৈরির জন্য প্রস্তাবিত ২৫ কোটি ডলারের কর্মসূচির অর্থায়ন, অনুমোদন ও বাস্তবায়নের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *