সাম্প্রতিক সংবাদ

২০২৭ শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই, পাঁচ হাজার শিক্ষাপ্রতি

এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই ও ডিপফেক শনাক্তকরণ শেখানোর পাশাপাশি পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা

ক.বি.ডেস্ক: দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘‘বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ সময়ে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে আইসিটি ও এআই-সংশ্লিষ্ট বিষয় যুক্ত করা হবে।’’

শিক্ষামন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে এআই, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্সের প্রাথমিক ধারণা অন্তর্ভুক্ত করা হবে। সপ্তম শ্রেণিতে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, আইওটি এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার সম্পর্কে জানবে। অষ্টম শ্রেণিতে থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, আইওটি, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিংয়ের বিষয়।

অন্যদিকে, নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এর ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘‘শিক্ষার্থীদের শুধু এআই ব্যবহারে দক্ষ করে তোলাই যথেষ্ট নয়। এআই থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই ও সঠিক তথ্য বাছাই করার সক্ষমতাও তৈরি করতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর প্রয়োজনীয়তা রয়েছে।’’

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা। এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কমপিউটার স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই প্রকল্পে শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।’’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং এর অপব্যবহার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। দেশে প্রযুক্তি শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকার আইসিটি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে নেয়া এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *