সাম্প্রতিক সংবাদ

আইইবি নির্বাচন ১২ নভেম্বর: এআইয়ের যুগে প্রকৌশলীদের সংগঠনের কাছে প্রত্যাশা কী?

ক.বি.ডেস্ক: ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে প্রকৌশলীদের পেশাগত অধিকার, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বে নারী প্রকৌশলীদের অংশগ্রহণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

১৯৪৮ সালে নিবন্ধিত আইইবি দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর একটি। সংগঠনটির নিজস্ব তথ্য অনুযায়ী, বর্তমানে এর সদস্যসংখ্যা ৫৮ হাজারের বেশি। প্রকৌশলীদের পেশাগত স্বার্থ ও কল্যাণ রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয়করণ ও ডিজিটাল রূপান্তরের প্রভাবে সফটওয়্যার, উৎপাদন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতের কাজের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে সাইবার হামলা, তথ্যফাঁস এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এমন বাস্তবতায় প্রকৌশলীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করা এবং জাতীয় প্রযুক্তি নীতিনির্ধারণে তাদের মতামত তুলে ধরার ক্ষেত্রে আইইবির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।

এবারের আইইবি নির্বাচনে কমপিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্য পদে প্রার্থী হয়েছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। প্রযুক্তি খাত, শিক্ষকতা, নেতৃত্ব ও প্রশিক্ষণে তার ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

নির্বাচনে অংশ নেয়ার কারণ জানতে চাইলে প্রকৌশলী শারমিন খান ঊর্মি বলেন, “দীর্ঘ ১৫ বছরের বেশি সময় প্রযুক্তি শিল্প, নেতৃত্ব, প্রশিক্ষণ, শিক্ষকতা এবং কমিউনিটি উন্নয়ন নিয়ে কাজ করতে গিয়ে আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনা কতটা ব্যাপক। একই সঙ্গে দেখেছি বৈষম্য, সুযোগের অভাব, সঠিক মূল্যায়নের ঘাটতি, শিল্প ও শিক্ষা অঙ্গনের ব্যবধান এবং কার্যকর প্রকৌশল ইকোসিস্টেমের সীমাবদ্ধতা। অনেক সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহযোগিতা, নীতিগত পরিবর্তন এবং জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ।”

প্রযুক্তির দ্রুত পরিবর্তনকে প্রকৌশলীদের জন্য একই সঙ্গে চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে দেখছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি। এ প্রসঙ্গে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে। কিছু ক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হতে পারে, আবার নতুন দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। বাংলাদেশ যদি সময়মতো দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ না করে, তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে।”

এ বাস্তবতায় প্রকৌশলী শারমিন খান ঊর্মির পরিকল্পনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ, মেন্টরশিপ, ক্যারিয়ার উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো। পাশাপাশি আইইবির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা।

সংগঠনের জবাবদিহি প্রসঙ্গে প্রকৌশলী শারমিন খান ঊর্মি বলেন, “আমাদের প্রকৌশল কমিউনিটিকে শক্তিশালী করতে হলে শুধু সমস্যা নিয়ে আলোচনা করলেই হবে না, বাস্তব উদ্যোগ নিতে হবে। একজন মানুষের পক্ষে সব পরিবর্তন আনা সম্ভব নয়। প্রয়োজন সব প্রকৌশলীর সম্মিলিত অংশগ্রহণ, সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব।”

প্রকৌশল পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোও এবারের নির্বাচনে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ২৮ শতাংশ নারী। তবে প্রকৌশল কর্মীবাহিনীতে নারীদের অংশগ্রহণ আনুমানিক ১৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ এবং সেখানে টিকে থাকার ক্ষেত্রে নারীদের জন্য এখনও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে।

এ পরিস্থিতি পরিবর্তনে নারী প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ, পেশাগত যোগাযোগের নেটওয়ার্ক তৈরি, মেন্টরশিপ, নিরাপদ কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি । তবে এসব উদ্যোগ বাস্তবায়নে শুধু ব্যক্তিগত আগ্রহ যথেষ্ট নয়। আইইবির সংশ্লিষ্ট কমিটি, সাধারণ সদস্য, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে বলে জানান তিনি।

এবারের আইইবি নির্বাচন শুধু নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; বরং পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের প্রকৌশলীদের ভবিষ্যৎ প্রস্তুতি, পেশাগত অধিকার, সংগঠনের জবাবদিহি এবং নারী প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশের প্রত্যাশাও সামনে নিয়ে এসেছে। নির্বাচনের মধ্য দিয়ে এসব বিষয়ে কী ধরনের উদ্যোগ ও অগ্রাধিকার গুরুত্ব পায়, সেটিই এখন প্রকৌশলীদের আগ্রহের বিষয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *