ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: আইসিটি মন্ত্রী
ক.বি.ডেস্ক: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। দেশের ও এলাকার উন্নয়নে যারা কাজ করবেন, জনগণ তাঁদেরই সমর্থন দেবেন। রাজনীতিবিদদের ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি জনসেবায় আরও উৎসাহিত করে। প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাঁদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানীর কড়াইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, আবাসন সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেয়া হবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’’

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করেন মন্ত্রী।
বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী। এ সময় বিটিসিএল ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।





