নতুন লেনোভো আইডিয়াপ্যাড ৫ টু-ইন-ওয়ান ল্যাপটপে ২৪ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ!
ক.বি.ডেস্ক: ১৪ ইঞ্চি ডিসপ্লে, ই্ন্টেলের নতুন ওয়াইল্ডক্যাট লেক প্রসেসর প্ল্যাটফর্ম এবং টু-ইন-ওয়ান ডিজাইনের ল্যাপটপ বাজারে এনেছে লেনোভো। লেনোভো আইডিয়াপ্যাড ৫ টু-ইন-ওয়ান ১৪আইডব্লিউসি১১ মডেলের এই ল্যাপটপটি পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে টাচস্ক্রিন, অ্যাকটিভ স্টাইলাস ব্যবহারের সুবিধা এবং ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারি। নির্দিষ্ট কনফিগারেশনে ল্যাপটপটি স্থানীয়ভাবে সংরক্ষিত ভিডিও টানা ২৪ ঘণ্টারও বেশি সময় চালাতে পারে।
নতুন এই মডেলে লেনোভো ব্যবহার করেছে ই্ন্টেল ওয়াইল্ডক্যাট লেক প্ল্যাটফর্ম। রয়েছে ১৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১২০০পি, সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিট এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লেটিতে রয়েছে ৪৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট কাভারেজ। টু-ইন-ওয়ান ডিজাইনের কারণে ডিভাইসটি ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। এতে ঐচ্ছিক লিনিয়ার পেন অ্যাকটিভ স্টাইলাস ব্যবহারের সুবিধা রয়েছে, যা নোট নেয়া, আঁকাআঁকি কিংবা টাচস্ক্রিনে কাজের ক্ষেত্রে কাজে আসতে পারে।
ল্যাপটপটির ডিফল্ট রঙ লুনা গ্রে। তবে লেনোভোর অনলাইন কনফিগারেটর থেকে কসমিক ব্লু রঙও বেছে নেয়া যাবে। লেনোভো আইডিয়াপ্যাড ৫ টু-ইন-ওয়ান ১৪আইডব্লিউসি১১ মডেলের বিভিন্ন সংস্করণে রয়েছে ইন্টেল কোর ৩ ৩০৪ ও কোর ৫ ৩১৫ প্রসেসর। কনফিগারেশন অনুযায়ী এতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। ল্যাপটপটিতে পিসিএলই ৪.০ সমর্থিত এসএসডি ব্যবহারের জন্য একটি এম.২ ২২৪২ স্লট রয়েছে। পাশাপাশি রয়েছে একটি এসওডিআইএমএম মেমোরি স্লট। তবে একটি মাত্র মেমোরি স্লট থাকায় এতে ডুয়াল-চ্যানেল মেমোরি কনফিগারেশনের সুবিধা পাওয়া যাবে না।
সংযোগ সুবিধার ক্ষেত্রে ঐচ্ছিকভাবে ওয়াই-ফাই ৭ সমর্থিত মডেম নেয়ার সুযোগ রয়েছে। এই অপশনে ব্লুটুথ ৫.৪ সংযোগ সুবিধাও পাওয়া যাবে। এর সব সংস্করণেই রয়েছে ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারি। কোর ৫ ৩১৫ প্রসেসর ও ১৬ জিবি র্যামের সংস্করণটি ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এগিয়ে। ২৫০ নিট উজ্জ্বলতায় এই সংস্করণটি ১২ ঘণ্টা ৫১ মিনিটের কাছাকাছি ব্যাকআপ এবং ১৫০ নিট উজ্জ্বলতায় ১০৮০পি রেজ্যুলেশনের ২৪ ঘণ্টা ১১ মিনিটের বেশি ব্যাকআপ পাওয়া যায়। তবে বাস্তব ব্যবহারে ব্যাটারির স্থায়িত্ব নির্ভর করবে কাজের ধরন, স্ক্রিনের উজ্জ্বলতা, সফটওয়্যার এবং অন্যান্য সেটিংসের ওপর।
লেনোভো আইডিয়াপ্যাড ৫ টু-ইন-ওয়ান ১৪আইডব্লিউসি১১ মডেলের ল্যাপটপটি ইউরোপের বাজারে মূল্য কনফিগারেশন ও দেশভেদে আলাদা। যুক্তরাজ্যে কোর ৩ ৩০৪ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির মূল্য শুরু হয়েছে ৯০০ পাউন্ড থেকে। কোর ৫ ৩১৫ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সংস্করণটির মূল্য ৯৯৯ পাউন্ড। ইউরোজোনের বিভিন্ন দেশে বেস মডেলটির মূল্য ৯০৯ থেকে ১ হাজার ৭০ ইউরোর মধ্যে। একই অঞ্চলে কোর ৫ ৩১৫ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সংস্করণটির মূল্য ১ হাজার ১৯৯ থেকে ১ হাজার ২৩৯ ইউরো।
লেনোভো আইডিয়াপ্যাড ৫ টু-ইন-ওয়ান ১৪আইডব্লিউসি১১ এমন ব্যবহারকারীদের জন্য একটি বিকল্প, যারা ল্যাপটপ ও ট্যাবলেটের সুবিধা এক ডিভাইসে চান। তবে কেনার আগে ডিসপ্লের কালার গ্যামাট, মেমোরি আপগ্রেডের সীমাবদ্ধতা এবং নিজস্ব কাজের ধরন অনুযায়ী প্রসেসরের সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন। ইউরোপের বাইরে, বিশেষ করে বাংলাদেশের বাজারে, ল্যাপটপটির মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।





