সাম্প্রতিক সংবাদ

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধের নির্দেশ বিটিআরসির

ক.বি.ডেস্ক: চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে দোকান, অফিস ও অন্যান্য গ্রাহকদের নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনও বৈধ লাইসেন্সধারী ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠান থেকে সেবা নেয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় বিটিআরসির প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়। বৈঠকে চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের ইন্টারনেট সেবা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইএসপিএবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেরিডিয়ান কোহিনূর সিটিতে মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে হচ্ছে আইএসপিগুলোকে। এ জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক আয়ের ৩৫ শতাংশ পর্যন্ত ফি নেয়া হচ্ছিল।

অন্যদিকে বালি আর্কেড কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে সেটিকে নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ করছে বলে বৈঠকে জানানো হয়। এ ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে সরাসরি বিল আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বিটিআরসি জানিয়েছে, মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্যান্য গ্রাহক বিটিআরসির অনুমোদিত ট্যারিফ অনুযায়ী নিজেদের পছন্দের যেকোনও বৈধ লাইসেন্সধারী আইএসপি থেকে ইন্টারনেট সেবা নিতে পারবেন। কোনও নির্দিষ্ট আইএসপির মাধ্যমে গ্রাহকদের সেবা গ্রহণে বাধ্য করা যাবে না। তবে মার্কেট দুটিতে ফাইবার অপটিক কেবলের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা ঠিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আইএসপিএবিকে নির্দেশ দেয়া হয়েছে।

বিটিআরসি আরও স্পষ্ট করেছে, কোনও ভবন, মার্কেট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসিক এলাকা বা আবাসন প্রকল্পে ইন্টারনেট সেবার ক্ষেত্রে একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরি বা বজায় রাখতে কোনও আইএসপি সহযোগিতা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন, লাইসেন্সের শর্ত এবং বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হতে পারে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘‘গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং বৈধ লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তারা বিটিআরসি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।’’

আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘‘বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট ও স্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমানভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *