আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

পকেটেই ২টিবি স্টোরেজ, ১,০০০ এমবি/এস গতির সানডিস্ক ই৩১ এসএসডি

ক.বি.ডেস্ক: নতুন পোর্টেবল এসএসডি উন্মোচন করেছে সানডিস্ক। সানডিস্ক ই৩১ মডেলের এই পোর্টেবল এসএসডি দৈনন্দিন ডেটা সংরক্ষণ ও ব্যাকআপের জন্য তৈরি। ছোট আকার ও হালকা ওজনের পাশাপাশি এতে সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজ, ইউএসবি-সি সংযোগ এবং সর্বোচ্চ ১,০০০ এমবি/সেকেন্ড রিড স্পিড পাওয়া যাবে। ডিভাইসটির সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি।

নতুন সানডিস্ক ই৩১ মূলত আগের প্রজন্মের পোর্টেবল এসএসডি-এর আপডেটেড সংস্করণ। এর মাপ ৮৫ x ৪৫ x ১০ মিলিমিটার এবং ওজন মাত্র ৩৩.২ গ্রাম। আগের মডেলের তুলনায় এটি প্রায় ৮ গ্রাম হালকা। নকশাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের রাবারের হুকের পরিবর্তে নতুন মডেলে শক্তপোক্ত কর্নার হুক ব্যবহার করা হয়েছে।

সানডিস্ক জানিয়েছে, এসএসডিটি সর্বোচ্চ দুই মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকার মতোভাবে তৈরি। ফলে নিয়মিত বহনের ক্ষেত্রে এটি প্রচলিত পোর্টেবল হার্ডড্রাইভের তুলনায় বেশি সুবিধাজনক হতে পারে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউএসবি ৩.২ জেন ২ ইন্টারফেস, যা ১০ জিবিপিএস ব্যান্ডউইডথ সমর্থন করে। এসএসডিটির সর্বোচ্চ সিকোয়েনশিয়াল রিড স্পিড ১,০০০ এমবি/সেকেন্ড। আগের মডেলের তুলনায় রিড স্পিড প্রায় ২০০ এমবি/সেকেন্ড বেড়েছে।

সানডিস্ক ই৩১ ইউএসবি-সি সংযোগের মাধ্যমে উইন্ডোজ ১০, ম্যাকওএস ১৩ বা পরবর্তী সংস্করণ, অ্যান্ড্রয়েড ১৩, আইওএস ১৫ এবং আইপ্যাডওএস ১৫ বা পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। ইউএসবি-সি পোর্টযুক্ত অন্যান্য ডিভাইসেও এটি প্লাগ-অ্যান্ড-প্লে পদ্ধতিতে ব্যবহারের সুযোগ রয়েছে। অ্যাইপ্যাড ব্যবহারকারীরা ডিভাইসটির ফাইল সরাসরি ফাইলস অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি অন্যান্য সমর্থিত প্ল্যাটফর্মে ফাইল ব্যবস্থাপনা ও ব্যাকআপের জন্য সানডিস্কের মেমোরি জোন সফটওয়্যার ব্যবহার করা যাবে।

সানডিস্ক ই৩১ পোর্টেবল এসএসডি পাওয়া যাচ্ছে ৫০০ গিগাবাইট এর মূল্য ১০০ ডলার; ১ টেরাবাইট এর মূল্য ১৬০ ডলার এবং ২ টেরাবাইট স্টোরেজের মূল্য ৩০০ ডলার। বিভিন্ন দেশের ক্রেতারা স্থানীয় বাজারে প্রাপ্যতা ও মূল্য জানতে সানডিস্কের ওয়েবসাইটে নিজেদের দেশ নির্বাচন করতে পারবেন। তিনটি ভ্যারিয়েন্টের সঙ্গেই থাকছে তিন বছরের ওয়ারেন্টি। ই৩১ দৈনন্দিন বহনযোগ্য স্টোরেজের বাজারে সানডিস্কের নতুন সংযোজন হিসেবে এসেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *