ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
ক.বি.ডেস্ক: ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের রোবট ফোন প্রদর্শন করেছে অনার। গত ২-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর। আয়োজনে চীনা ভাষার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার কর্মসূচির অফিশিয়াল ইমেজিং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিলো অনার।
বিভিন্ন দেশের দর্শকদের সামনে তুলে ধরা এ রোবট ফোনে রয়েছে একটি যান্ত্রিক রোবটিক আর্ম, গিম্বল সিস্টেম এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা ও লাইটিং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে রোবট ফোন। এতে প্রথমবারের মতো স্মার্টফোনে অ্যারির তিনটি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এগুলো হলো অ্যারি লগসিথ্রি কালার সায়েন্স, অ্যারি ওয়াইড গামুট থ্রি এবং অ্যারি লুকস।
অ্যারি লগসিথ্রি পোস্ট-প্রোডাকশনের সময় ভিডিওর উজ্জ্বল ও অন্ধকার অংশের আরও বেশি তথ্য ধরে রাখতে সহায়তা করে। অ্যারি ওয়াইড গামুট থ্রি তুলনামূলকভাবে বিস্তৃত কালার স্পেস দেয়। আর অ্যারি লুকস-এর মাধ্যমে নিয়ন্ত্রিত সিনেমাটিক কালার স্টাইল ব্যবহার করা যায়। ফলে ভিডিওটি শেষ পর্যন্ত কেমন দেখাবে, তা নির্মাতারা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।
অনার এবং অ্যারির এই অংশীদারিত্বের ফলে পেশাদার চলচ্চিত্র নির্মাণে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি স্মার্টফোনে যুক্ত হয়েছে। ভিডিও ধারণ থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নির্মাতাদের সৃজনশীল নিয়ন্ত্রণ বজায় রেখে সিনেমাটিক কনটেন্ট তৈরি আরও সহজ করাই এই কাজের লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোবট ফোনের যান্ত্রিক আর্মের সঙ্গে যুক্ত রয়েছে গিম্বল সিস্টেম। এটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নড়াচড়া স্থির রাখতে সহায়তা করে। এ ছাড়া রয়েছে এআই অবজেক্ট ট্র্যাকিং ও এআই স্পিনশট এর মতোন ফিচার, যা চলমান অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে কম্পোজড শট তৈরিতে সহায়তা করে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে রোবট ফোনের পাশাপাশি অনারের ম্যাজিক৯ প্রো ম্যাক্স ডিভাইসও প্রদর্শন করা হয়। এই ফোনটিতেও অ্যারির ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ক্যামেরার নকশায় রয়েছে বড় আকারের একটি কেন্দ্রীয় সেন্সর এবং এর দুই পাশে দুটি লেন্স, যা অ্যারির আইকনিক অ্যারিফ্লেক্স সিনেমা সঙ্গে সাদৃশ্যপূর্ণ।





