উদ্যোগ

বাউয়েট ক্যাম্পাসে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

ক.বি.ডেস্ক: নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে দুই দিনব্যাপী (১৩-১৪ আগস্ট) প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম অন্তর্ভূক্ত ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাপান গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক বাউয়েট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফুর রহমান। সম্মেলনের সাধারণ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বুয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ। আইইইই বাংলাদেশ সেকশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, কারিগরি কর্মসূচি চেয়ার হিসেবে বুয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাউয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, আইসিটি খাত দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্পখাতের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্ত:বিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *