৮কে ভিডিও রেকর্ডিংয়ের জন্য টিমগ্রুপের নতুন এসিই ৮কে মেমোরি কার্ড
ক.বি.ডেস্ক: পেশাদার গিম্বল ক্যামেরা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা এবং ড্রোনের মতো নতুন প্রজন্মের ইমেজিং ডিভাইসে ৮কে ভিডিও ধারণের সুবিধা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতির, নির্ভরযোগ্য এবং বিভিন্ন ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেমোরি কার্ডের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে নতুন এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ড উন্মোচন করেছে টিমগ্রুপ।
নতুন মেমোরি কার্ডটি বাজারের প্রচলিত হ্যান্ডহেল্ড ইমেজিং ডিভাইসের সঙ্গে সহজে ব্যবহার করা যাবে। এতে রয়েছে এ২ অ্যাপ্লিকেশন পারফরম্যান্স ক্লাস এবং ভি৩০ ভিডিও স্পিড ক্লাস সাপোর্ট। ফলে উচ্চ রেজ্যুলেশনের ছবি ও ভিডিও ধারণ এবং সংরক্ষণে এটি দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স দেবে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে পেশাদার কনটেন্ট নির্মাণ সব ক্ষেত্রেই এটি কার্যকর হবে।
মাইক্রোএসডিএক্সসি ৬.১ স্পেসিফিকেশন এবং ইউএইচএস-ওয়ান মান অনুসারে তৈরি হওয়ায় মেমোরি কার্ডটি মোবাইল ডিভাইসে অ্যাপ দ্রুত চালু করতে সহায়তা করবে। পাশাপাশি নির্বিঘ্নে ৪কে আলট্রা এইচডি ভিডিও ধারণের সুবিধা দেবে এবং নতুন প্রজন্মের হ্যান্ডহেল্ড ইমেজিং ডিভাইসের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে সহায়তা করবে। মেমোরি কার্ডটি ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট এই চারটি ধারণক্ষমতায় পাওয়া যাবে। ফলে নির্মাতারা আরও বেশি ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের সুযোগ পাবেন।
পণ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে টিমগ্রুপের নিজস্ব পরীক্ষাগারে এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ডের কঠোর মান যাচাই করা হয়েছে। এতে পানি, আঘাত, এক্স-রে, স্থির বিদ্যুতের ক্ষতিকর প্রভাব (ইএসডি) এবং চরম তাপমাত্রা থেকে সুরক্ষার সুবিধা রয়েছে। মেমোরি কার্ডটির সঙ্গে আজীবন ওয়ারেন্টি দেয়া হচ্ছে। এ ছাড়া এটি আরওএইচএস এবং রিচ পরিবেশগত মানদণ্ড অনুসরণ করে সীসামুক্ত উৎপাদন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, যা টিমগ্রুপের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনভিত্তিক (ইএসজি) উদ্যোগের প্রতিফলন।





