প্রাইমারির শিক্ষার্থীদের জন্য ‘বিডিএমএসও ২০২৬’ নিবন্ধন শুরু, লক্ষ্য ইন্দোনেশিয়া
ক.বি.ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের সবচেয়ে বড় মেধা যাচাইয়ের আসর ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই অলিম্পিয়াডের মাধ্যমেই আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩-তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও ২০২৬)-এর জন্য বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে।
বিডিএমএসও যৌথভাবে আয়োজন করছে সোসাইটি ফর দ্য পপুলাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২-তম আইএমএসও-তে বাংলাদেশ জাতীয় দল শতভাগ সফলতা অর্জন করে। বাংলাদেশের ১২ জন শিক্ষার্থীর সবাই মেডেল জয় করেন, যার মধ্যে ছিল ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক।
অংশগ্রহণের যোগ্যতা
বিডিএমএসও ২০২৬-এ অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই যোগ্যতা পূরণ করতে হবে। বয়স অনূর্ধ্ব ১৩ বছর হতে হবে, জন্ম ১ অক্টোবর, ২০১৩ সালের পর। ষষ্ঠ শ্রেণী বা তার নিচে অধ্যয়নরত হতে হবে। ব্রিটিশ কারিকুলাম বা সমমানের ইংরেজি মাধ্যমের যেসব শিক্ষার্থী আগস্ট ২০২৬-এ সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তারা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না।
ক্যাটাগরি
শিক্ষার্থীরা যেকোনও একটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে- অলিম্পিয়াড ক্যাটাগরি: সর্বোচ্চ ষষ্ঠ শ্রেণী বা তার নিচের শিক্ষার্থীদের জন্য। কুইজ ক্যাটাগরি: তৃতীয় শ্রেণী বা তার নিচের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও গণিতের একটি আনন্দময় ও কৌতূহল-উদ্দীপক কুইজ প্রতিযোগিতা। কুইজ ক্যাটাগরির বিজয়ীরা আবাসিক ক্যাম্প বা আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পাবে না।
প্রস্তুতি ও নিবন্ধন প্রক্রিয়া
আগামী ৮ আগস্ট একযোগে দেশের ৪টি অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর) এই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের পরীক্ষার মাধ্যম ইংরেজি এবং সময়সীমা প্রতি বিষয়ের জন্য ৬০ মিনিট।
জাতীয় পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগস্ট মাসেই আয়োজন করা হবে জাতীয় ক্যাম্প। সেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে ল্যাব পরীক্ষা, ক্যাম্পিং ও সমস্যার সমাধান শেখানো হবে।
এরপর একটি চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে ১২ সদস্যের বাংলাদেশ জাতীয় দল গঠন করা হবে (৬ জন গণিত এবং ৬ জন বিজ্ঞানের জন্য), যারা ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইট bdmso.org-এ গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন প্রক্রিয়া চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিস্তারিত সিলেবাস, নমুনা প্রশ্ন এবং নির্দেশনাবলির জন্য ভিজিট করতে হবে https://bdmso.org এ।





