সাম্প্রতিক সংবাদ

চট্টগ্রামে ডিডিএনে হামলা, অপরাধীরা গ্রেপ্তার না হলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

ক.বি.ডেস্ক: চট্টগ্রামের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদা দাবি ও সশস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের ইন্টারনেট সেবা খাতে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবি নেতারা কঠোর কর্মসূচি ঘোষণা করেন। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজন। লিখিত বক্তব্য পাঠ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। এর পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক কর্মী কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছে। এটি কোনও একক প্রতিষ্ঠানের সমস্যা নয়; বরং পুরো আইএসপি খাতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। বর্তমানে দেশের অর্থনীতি, সরকারি সেবা, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনের বড় অংশই ইন্টারনেটনির্ভর। ফলে ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং জাতীয় ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তার জন্যও গুরুতর উদ্বেগের বিষয়।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ডিডিএনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা। আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানির ঘটনার দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ।

আইএসপিএবি নেতারা জানান, জনস্বার্থ বিবেচনায় এখন পর্যন্ত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এখন শুধু ব্যবসায়িক নয়, জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতির ধারাবাহিকতা রক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। তাই ডিডিএনের ওপর হামলার ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *