প্রতিবেদন

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬, প্রযুক্তির সবচেয়ে বড় পরীক্ষাগার

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ: ফুটবলের ইতিহাসে সবচেয়ে প্রযুক্তিনির্ভর বিশ্বকাপ হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই টুর্নামেন্টে শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, রেফারিং, সম্প্রচার, নিরাপত্তা, দর্শক অভিজ্ঞতা ও ডেটা বিশ্লেষণ সবকিছুতেই যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেন্সর, থ্রিডি স্ক্যানিং এবং রিয়েল-টাইম ডেটা প্রসেসিং প্রযুক্তি।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর জন্য কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্বকাপের এই ২৩তম আসরটি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ট্রফির জন্য রেকর্ড সংখ্যক ৪৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যা চার বছর আগে কাতারে অংশগ্রহণকারী দলের চেয়ে ১৬টি বেশি। এর ফলে এটি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এবং ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ, যা প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হবে।

ফিফা এই বিশ্বকাপকে “ফুটবলের ডিজিটাল রূপান্তরের নতুন যুগ” হিসেবে তুলে ধরছে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এআই, সেন্সর নেটওয়ার্ক ও স্মার্ট অবকাঠামোর সবচেয়ে বড় বৈশ্বিক প্রদর্শনী। খেলা দেখাকে আরও উপভোগ্য করতে এবং খেলাকে আরও আধুনিক করতে এবারের আসরে দারুণ সব প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। একই সঙ্গে রেফারির দায়িত্বেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবারের বিশ্বকাপে কী কী নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, জানা যাক।

অ্যাডভান্সড সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি (এসএওটি)
বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো এসএওটি। এই প্রযুক্তিতে স্টেডিয়ামের ভেতরে বসানো ১৬টি বিশেষ ট্র্যাকিং ক্যামেরা প্রতি সেকেন্ডে ৫০ বার খেলোয়াড়দের শরীরের অবস্থান বিশ্লেষণ করবে। প্রতিটি খেলোয়াড়ের শরীরের ২৯টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্র্যাক করা হবে। একইসঙ্গে বলের ভেতরে থাকা সেন্সর বলের স্পর্শের সুনির্দিষ্ট মুহূর্ত শনাক্ত করবে।

এই প্রযুক্তিটি এআইয়ের মাধ্যমে খেলোয়াড়দের অবস্থান বিশ্লেষণ করবে। অফসাইড শনাক্ত হলে ভিএআর কক্ষে তাৎক্ষণিক সতর্কবার্তা যাবে। স্পষ্ট অফসাইড হলে সহকারী রেফারির ডিভাইসে সরাসরি অডিও সিগন্যাল যাবে। পরে দর্শকদের জন্য থ্রিডি অ্যানিমেশন দেখানো হবে। কাতার বিশ্বকাপ ২০২২-এ এসএওটি ব্যবহার হলেও বিশ্বকাপ ২০২৬ সংস্করণ আরও উন্নত। এবার দ্রুত সিদ্ধান্ত, আরও নিখুঁত ট্র্যাকিং, রিয়েল-টাইম অডিও অ্যালার্ট এবং এআইভিত্তিক বিশ্লেষণ যুক্ত হয়েছে।

কানেক্টেড বল প্রযুক্তি
বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল “ট্রিওন্ডা”-তে যুক্ত হয়েছে অত্যাধুনিক কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতরে বসানো ইনারশিয়াল ম্যাসিউরমেন্ট ইউনিট (আইএমইউ) সেন্সর প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার ডেটা পাঠাবে। এই প্রযুক্তির সুবিধা হলো বল স্পর্শের সঠিক মুহূর্ত শনাক্ত, অফসাইড সিদ্ধান্ত আরও নির্ভুল, হ্যান্ডবল বিশ্লেষণ সহজ, শটের গতি ও ট্রাজেক্টরি বিশ্লেষণ এবং সম্প্রচারে উন্নত গ্রাফিক্স। ফিফার মতে, সেন্সর থাকা সত্ত্বেও বলের ওজন বা ভারসাম্যে কোনও প্রভাব পড়বে না।

থ্রিডি প্লেয়ার স্ক্যানিং ও ডিজিটাল অ্যাভাটার
বিশ্বকাপের আগে প্রতিটি খেলোয়াড়ের থ্রিডি বডি স্ক্যান করা হবে। এর মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের ডিজিটাল অ্যাভাটার তৈরি করবে ফিফা। এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলো হলো অফসাইড লাইনের নির্ভুলতা বাড়বে,
বাস্তবসম্মত থ্রিডি রিপ্লে তৈরি হবে, টিভি সম্প্রচার আরও আকর্ষণীয় হবে এবং এআই বিশ্লেষণ উন্নত হবে। এই প্রযুক্তির ফলে দর্শকরা টিভিতে “ভার্চুয়াল রিপ্লে” দেখতে পাবেন, যেখানে খেলোয়াড়দের শরীরের সুনির্দিষ্ট অবস্থান থ্রিডি আকারে দেখানো হবে।

এআই-চালিত ভিএআর ও রেফারিং সিস্টেম
ভিএআর প্রযুক্তি এবার আরও স্মার্ট হচ্ছে। এআই ও মেশিন লার্নিংয়ের সাহায্যে দ্রুত ফাউল বিশ্লেষণ,
সম্ভাব্য হ্যান্ডবল শনাক্ত, বল মাঠের বাইরে গেছে কিনা নির্ধারণ, রেফারিদের সিদ্ধান্তে সহায়তা করা হবে। ফিফা জানিয়েছে, এআই সিদ্ধান্ত দেবে না; বরং রেফারিকে দ্রুত ও নির্ভুল তথ্য দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতেই থাকবে।

রেফারির বডি-ক্যাম প্রযুক্তি
বিশ্বকাপ ২০২৬-এ উন্নতমানের রেফারি বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই ক্যামেরা রেফারির চোখে খেলার দৃশ্য দেখাবে, সম্প্রচারে নতুন অভিজ্ঞতা দেবে, বিতর্কিত সিদ্ধান্ত বিশ্লেষণে সাহায্য করবে। স্ট্যাবিলাইজড ভিডিও প্রযুক্তির কারণে ক্যামেরার ফুটেজ আগের তুলনায় অনেক বেশি স্থির ও পরিষ্কার হবে।

এআইভিত্তিক ম্যাচ অ্যানালিটিক্স
ফিফা “ফুট্বল এআই প্রো” নামে একটি এআই বিশ্লেষণ প্ল্যাটফর্ম চালু করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এটি দলগুলোকে প্রতিপক্ষ বিশ্লেষণ, কৌশল পরিকল্পনা, খেলোয়াড়ের পারফরম্যান্স মূল্যায়ন, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। বিশেষ বিষয় হলো অংশগ্রহণকারি সব দলই সমানভাবে এই সুবিধা পাবে।

সাইবার নিরাপত্তা ও স্মার্ট টিকিটিং
বিশ্বকাপ ২০২৬-এ সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। এজন্য এআই-চালিত সাইবার মনিটরিং, ডিজিটাল টিকিটিং,
ফেসিয়াল রিকগনিশন এবং স্মার্ট স্টেডিয়াম সিস্টেম ব্যবহার করা হবে। এতে ভুয়া টিকিট, অনলাইন প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া সুরক্ষায় এআই
ফিফা এবার খেলোয়াড়দের অনলাইন অপব্যবহার থেকে রক্ষা করতে এআই ব্যবহার করছে। এআই সিস্টেম ঘৃণামূলক মন্তব্য শনাক্ত, আপত্তিকর পোস্ট লুকানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করবে। ফিফার তথ্য অনুযায়ী, হাজার হাজার অপমানজনক মন্তব্য কয়েক সেকেন্ডের মধ্যে শনাক্ত করে সরিয়ে ফেলা সম্ভব হবে।

স্মার্ট স্টেডিয়াম ও পরিবেশবান্ধব প্রযুক্তি
২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে থাকবে স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট, স্বয়ংক্রিয় আলোকব্যবস্থা, ডিজিটাল ফ্যান গাইডেন্স, রিয়েল-টাইম ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তি। এ ছাড়া পরিবেশবান্ধব অবকাঠামো ব্যবহারে গুরুত্ব দিচ্ছে আয়োজকরা।

এআই-চালিত লাইভ ব্রডকাস্ট ও আইপিটিভি প্রযুক্তি
বিশ্বকাপ ২০২৬-এ প্রথমবারের মতো বিশাল পরিসরে এআই-পাওয়ারড ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) সম্প্রচার প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ফিফার অফিসিয়াল প্রযুক্তি অংশীদার লেনোভো ডালাসের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রে বিশেষ এআই সার্ভার স্থাপন করেছে, যা আল্ট্রা-লো লেটেন্সি ভিডিও স্ট্রিমিং, রিয়েল-টাইম কনটেন্ট ডেলিভারি, এআইভিত্তিক ভিডিও প্রসেসিং এবং লাইভ সম্প্রচারের সমস্যা দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে। এর বিশেষত্ব হলো আগের চেয়ে কম বাফারিং, দ্রুত লাইভ স্ট্রিম, একইসঙ্গে কোটি দর্শকের সংযোগ সামলানো এবং এআই দিয়ে স্বয়ংক্রিয় ভিডিও অপ্টিমাইজেশন খুবই সহজ হবে।

এজ কম্পিউটিং ও রিয়েল-টাইম ডেটা প্রসেসিং
বিশ্বকাপ ২০২৬-এ শুধু ক্লাউড নয়, এজ কম্পিউটিং প্রযুক্তিও ব্যবহার হচ্ছে। স্টেডিয়ামের কাছাকাছি লোকাল সার্ভারে ডেটা প্রসেস করা হবে, যাতে ভিএআর সিদ্ধান্ত দ্রুত আসে, ভিডিও ল্যাগ কমে, সেন্সর ডেটা তাৎক্ষণিক বিশ্লেষণ করা যায়। বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরের টুর্নামেন্টে শুধুমাত্র ক্লাউডভিত্তিক অবকাঠামো যথেষ্ট নয়। তাই “হাইব্রিড এআই ইন্সফ্রাট্রাকচার” তৈরি করা হয়েছে।

স্মার্ট নেভিগেশন ও এআই-ভিত্তিক ভিড় নিয়ন্ত্রণ
স্টেডিয়ামের ভেতরে দর্শকদের চলাচল নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে এআই ভিড় বিশ্লেষণ, স্মার্ট নেভিগেশন সিস্টেম, রিয়েল-টাইম কনজেশন মনিটরিং। এর ফলে ভিড় কমানো, জরুরি পরিস্থিতিতে দ্রুত সরিয়ে নেয়া, প্রবেশ ও বের হওয়ার সময় কমানো, মোবাইল অ্যাপের মাধ্যমে সিট নির্দেশনা করা যাবে। বিশেষ করে ৪৮ দলের এই বিশাল বিশ্বকাপে লাখো দর্শক সামলাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অগমেন্টেড রিয়েলিটি (এআর) স্টেডিয়াম অভিজ্ঞতা
বিশ্বকাপ ২০২৬-এ কিছু স্টেডিয়ামে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অভিজ্ঞতা চালু করা হচ্ছে। দর্শকরা যা পাবেন মোবাইলে লাইভ প্লেয়ার স্ট্যাটস, ভার্চুয়াল রিপ্লে, স্টেডিয়ামের ডিজিটাল গাইড, এআর গ্রাফিক্সের মাধ্যমে ম্যাচ বিশ্লেষণ। এটি স্টেডিয়ামে বসে টিভির মতো উন্নত বিশ্লেষণ দেখার সুযোগ তৈরি করবে।

জেনারেটিভ এআই ফুটবল অ্যাসিস্ট্যান্ট
ফিফা ও লেনোভো যৌথভাবে “ফুটবল এআই প্রো” নামে একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম চালু করছে। এটি ট্যাকটিক্যাল বিশ্লেষণ, প্রতিপক্ষের দুর্বলতা শনাক্ত, ম্যাচ-পরবর্তী রিপোর্ট, ভিডিও ও থ্রিডি বিশ্লেষণ তৈরি করবে। ফিফার ভাষ্যমতে, ছোট দলগুলোও বড় দলের মতো সমান বিশ্লেষণ সুবিধা পাবে।

১৫০ মিলিয়নের বেশি ট্র্যাকিং ডেটা পয়েন্ট
বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচে ১৬টি অপটিক্যাল ট্র্যাকিং ক্যামেরা, স্মার্ট বল এবং এআই সেন্সর মিলে ১৫০ মিলিয়নেরও বেশি ডেটা পয়েন্ট তৈরি করবে। এই ডেটা ব্যবহার হবে অফসাইড, প্লেয়ার মুভমেন্ট, কৌশল বিশ্লেষণ, সম্প্রচার গ্রাফিক্স, পারফরম্যান্স স্টাডিতে।

কাউন্টার-ড্রোন নিরাপত্তা প্রযুক্তি
বিশ্বকাপের নিরাপত্তায় কাউন্টার-ড্রোন বা অ্যান্টি-ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি অবৈধ ড্রোন শনাক্ত, ট্র্যাক এবং নিয়ন্ত্রণ করতে পারবে। স্টেডিয়াম, ফ্যান জোন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই সিস্টেম স্থাপন করা হচ্ছে।

এআই-স্ট্যাবিলাইজড রেফারি ভিউ
রেফারির শরীরে লাগানো ক্যামেরার ভিডিও এবার এআই দিয়ে স্থিতিশীল করা হবে। ফলে ঝাঁকুনি কমবে, পরিষ্কার ভিডিও পাওয়া যাবে, দর্শকরা রেফারির দৃষ্টিকোণ থেকে ম্যাচ দেখতে পারবেন। এটিকে “রেফারি উইডথ ইউ” অভিজ্ঞতা বলা হচ্ছে।

ডিজিটাল সাবস্টিটিউশন ও স্মার্ট অফিসিয়ালিং
কিছু ম্যাচে ডিজিটাল সাবস্টিটিউশন ট্যাবলেট, এআই-সহায়তায় রেফারিং এবং লাইভ ভিএআর ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে খেলোয়াড় বদলি দ্রুত হবে, দর্শকরা ভিএআর সিদ্ধান্ত সরাসরি স্ক্রিনে দেখতে পাবেন এবং ম্যাচ পরিচালনা আরও স্বচ্ছ হবে।

বিশেষজ্ঞদের মতে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ হবে সবচেয়ে এআই-নির্ভর, সবচেয়ে সেন্সরসমৃদ্ধ এবং সবচেয়ে ডেটা-চালিত ফুটবল টুর্নামেন্ট। ফুটবল এখন শুধু মাঠের খেলা নয়; এটি হয়ে ওঠছে এআই, বিগ ডেটা, কম্পিউটার ভিশন, সেন্সর নেটওয়ার্ক এবং স্মার্ট অবকাঠামোর সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্ম।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, বরং প্রযুক্তিনির্ভর ক্রীড়াবিপ্লব হিসেবে গড়ে তুলতে চায়। এআই, সেন্সর, স্মার্ট বল, থ্রিডি স্ক্যানিং, রিয়েল-টাইম ডেটা ও সাইবার নিরাপত্তা সব মিলিয়ে এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে “ডিজিটাল বিশ্বকাপ”। এবারের বিশ্বকাপ ভবিষ্যতের ফুটবলের নতুন মানদণ্ড নির্ধারণ করবে, যেখানে প্রযুক্তি ও খেলাধুলা একসঙ্গে তৈরি করবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *