সাম্প্রতিক সংবাদ

রোবোসাব-এ অংশ নিচ্ছে ডিআরএমসির ‘পসেইডন’স কোড’

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ‘রোবোসাব’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি আন্ডারওয়াটার রোবোটিক্স দল ‘টিম পসেইডন’স কোড’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগামী ১১ থেকে ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় উদ্ভাবন, গবেষণা ও প্রকৌশল দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে দলটি।

সম্প্রতি দলের সদস্যরা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (ডিআরএমসি)-এর অধ্যক্ষ ও প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রকল্প উপস্থাপনা সেশনে অংশ নেন। এ সময় তারা তাদের উন্নত সংস্করণের অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি) উপস্থাপন করেন এবং বাংলাদেশের প্রথম যৌথ স্কুল-ইউনিভার্সিটি আন্ডারওয়াটার রোবোটিক্স উদ্যোগের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

‘প্রজেক্ট পসেইডন’স কোড’ হলো শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত একটি আন্ডারওয়াটার রোবোটিক্স উদ্যোগ, যা সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর)-এর অধীনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (ডিআরএমসি)- এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানববিহীন আন্ডারওয়াটার ভেহিকল (ইউইউভি) উন্নয়ন এবং গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগের মাধ্যমে টেকসই মেরিন রোবোটিক্স ইকোসিস্টেম গড়ে তোলা।

প্রকল্পটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইউআইইউ মার্স রোভার টিমের লিড সাইফ আল সাদ এবং সিনিয়র লিড মসফিকুর রহমান। পাশাপাশি ইউআইইউ ও ডিআরএমসি-এর যৌথ সহযোগিতার মাধ্যমে দলটি পাচ্ছে কারিগরি সহায়তা, প্রকৌশল নির্দেশনা এবং আধুনিক গবেষণাগার সুবিধা।

উপদেষ্টা প্যানেলে রয়েছেন ইউআইইউ-এর সিএসই বিভাগের প্রভাষক মো. আবিদ হোসেন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. হাসান সারওয়ার এবং ডিআরএমসির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় প্রকল্পটি শক্তিশালী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সিএআইআর-এর মাধ্যমে এই উদ্যোগ বাংলাদেশের রোবোটিক্স ইকোসিস্টেমকে আরও সমন্বিত করার একটি বড় পদক্ষেপ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী-নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যৌথ গবেষণা, মেন্টরশিপ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এই প্ল্যাটফর্ম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *