সাম্প্রতিক সংবাদ

সাইবার হামলার চেষ্টা, ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ বলছে গ্রাহক তথ্য নিরাপদ

ক.বি.ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ দীর্ঘদিন ধরে লাখো গ্রাহকের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্বপ্ন’-এর গ্রাহক তথ্য ফাঁস সংক্রান্ত যে খবর প্রচারিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে গ্রাহকদের কাছে প্রকৃত ঘটনা ও গৃহীত পদক্ষেপ তুলে ধরেছে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।

গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত একটি র‍্যানসমওয়্যার গ্রুপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) চাঁদা দাবি করে। ‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বেআইনি ও অযৌক্তিক দাবির কাছে ‘স্বপ্ন’ কোনও ধরনের আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। অপরাধীদের সঙ্গে আর্থিক সমঝোতা করা ‘স্বপ্ন’-এর নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে জানান তিনি।

সাব্বির হাসান নাসির আরও জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই বিষয়টি এসিআই লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টকে অবহিত করা হয়। এসিআই লিমিটেডের পরিচালক, এমআইএস-এর সরাসরি তত্ত্বাবধানে একটি বিস্তারিত অডিট পরিচালনা করা হয়। নিবিড় বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমের অবস্থা পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারণ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ‘স্বপ্ন’-এর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

‘স্বপ্ন’-এর কর্তৃপক্ষ আইটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে- ইন্টারনেট ও নেটওয়ার্ক সুরক্ষায় নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল এবং সার্ভারের জন্য এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন স্থাপন করা হয়েছে; সকল সার্ভার, হেড অফিস কমপিউটার এবং দেশব্যাপী আউটলেটগুলোতে উন্নতমানের এন্ডপয়েন্ট প্রোটেকশন ও অ্যান্টিভাইরাস সিস্টেম চালু করা হয়েছে; ২৪/৭ ফায়ারওয়াল লগ ও নেটওয়ার্ক ট্রাফিক মনিটরিংয়ের জন্য দেশি-বিদেশি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ‘স্বপ্ন’-এর আউটলেটগুলোর কার্যক্রম একটি সুরক্ষিত অফলাইন ও ইন্ট্রানেট ভিত্তিক সিস্টেমে পরিচালিত হয়। ফলে যেকোনও সাইবার আক্রমণের সময় এবং পরবর্তীতেও সকল আউটলেট সেবা স্বাভাবিক ও সুরক্ষিত থাকে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সহ দেশের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং তাদের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

‘স্বপ্ন’-এর কর্তৃপক্ষ জানায়, বিশ্বের অনেক সুপরিচিত প্রতিষ্ঠানও লকবিট বা কিউলিনের মতো আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে। তবুও আমরা বিশ্বাস করি, যেকোনও সংকটময় পরিস্থিতিতে গ্রাহকদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা আমাদের দায়িত্ব। গ্রাহকদের সংবেদনশীল ব্যক্তিগত আর্থিক তথ্য নিরাপদ রয়েছে। এসিআই লিমিটেডের এমআইএস টিম নিরলসভাবে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

তবে সম্ভাব্য ফিশিং বা প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে গ্রাহকদের প্রতি ‘স্বপ্ন’-এর কর্তৃপক্ষের কিছু পরামর্শ হলো- অজানা বা সন্দেহজনক নম্বর থেকে আসা কল বা মেসেজে কোনও ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না; অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন; ‘স্বপ্ন’ কখনোই ফোনে আপনার পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *