শেষ হলো দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬
ক.বি.ডেস্ক ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে শেষ হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই হ্যাকাথন দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬। এবারের আয়োজনে অংশগ্রহণকারী দলগুলো পাঁচটি ইনোভেশন ট্র্যাকে এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স এবং ইনফোটেক এ রিয়েল-ওয়ার্ল্ড, প্রোডাকশন-রেডি এআই সলিউশন উপস্থাপন করেন। এগারোটি বিশেষজ্ঞ জাজিং প্যানেল ২০৮টি দলকে সরাসরি জাজিং স্কোরিংয়ের মাধ্যমে মূল্যায়ন করেন।
গতকাল শুক্রবার (১২ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬-এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেইভ ডাউল্যান্ড। উপস্থিত ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান।
পাঁচটি ইনোভেশন ট্র্যাক থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ভাইব কোডিং টু প্রোডাকশন চ্যালেঞ্জের বিজয়ী সহ মোট বিজয়ী দলগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়। পুরস্কার হিসেবে প্রথম স্থান ৫০,০০০ টাকা, দ্বিতীয় ৩০,০০০ টাকা এবং ভাইব কোডিং টু প্রোডাকশন চ্যালেঞ্জ বিজয়ীরা ১০,০০০ টাকা করে পেয়েছেন। এ ছাড়া সকল বিজয়ী দল পেয়েছেন ক্রেস্ট, সার্টিফিকেট এবং গ্লোবাল শোকেস রোডম্যাপে অংশগ্রহণের সুযোগ।
মারটেক (ব্রান্ডিং অ্যান্ড মার্কেটিং) ট্র্যাকে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির টীম ব্রেকিং ব্রাক এবং রানার-আপ ফ্লোজেনএক্স ডট এআই এর টীম ইনোএআইভার্স। এডটেক ট্র্যাকে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টীম দ্যা টোকেনাইজার্স এবং রানার-আপ রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দল অরবিট সাস।
হেলথটেক ট্র্যাকে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টীম ডুগার্ডর এবং রানার-আপ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল টীম সিসিএন। ই-কমার্স ট্র্যাকে চ্যাম্পিয়ন মাইলস্টোন কলেজের টীম গোস্ট হান্টার এবং রানার-আপ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের টীম নিটার_জেনোভারিয়ান্টস। ইনফোটেক ট্র্যাকে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইনস্টিটিউট ফর জুডিশিয়াল অ্যাডভান্সমেন্টের দল সাইবার সিল্ড এআই এবং রানার-আপ নিশ (রবেন্ডেভস)।
ভাইব কোডিং টু প্রোডাকশন (ভিসিপি) চ্যালেঞ্জে শীর্ষ পাঁচ বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আসিম আলম চৌধুরী, সাউথইস্ট ইউনিভার্সিটির তানভীর আহমদ; আপস্ট্রা কমিউনিকেশন লিমিটেড এর মো. বাজলুর রহমান লিখন; নর্থ সাউথ ইউনিভার্সিটির নায়িমুজ্জামান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আদিব রহমান।





