কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
ক.বি.ডেস্ক: কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে বাংলালিংক। ডেটা সেন্টারের অব্যবহৃত ২,৫০০ বর্গফুট ছাদজুড়ে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বছরে ৮৫ হাজার কিলোওয়াট-ঘন্টা সবুজ বিদ্যুৎ তৈরির পাশাপাশি ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন কমাবে এ উদ্যোগ।
পাশাপাশি, সোলার ইরেডিয়েশন টাইম অর্থাৎ দিনের বেলা যখন পর্যাপ্ত সূর্যের আলো থাকে, তখন সিস্টেমটি গ্রিডের (সরকারি বিদ্যুৎ লাইন) প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে। ফলে বছরে প্রায় ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন হ্রাস পাবে। আর এনার্জি ব্যয় বাবদ সাশ্রয় হবে ১২ লাখ টাকা। পাশাপাশি লোডশেডিং কিংবা যেকোনও জরুরী পরিস্থিতিতে ডেটা সেন্টারের কার্যক্রম সচল রাখতেও সহায়তা করবে।
গত বছর নিজেদের গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে বাংলালিংক। এর মাধ্যমে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে ডেটা সেন্টারে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করে অপারেটরটি। এর মাধ্যমে পরিবেশবান্ধব এবং টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগে আরও এক ধাপ এগিয়ে গেলো প্রতিষ্ঠানটি।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে নিজেদের ডিজিটাল অবকাঠামোকে আরও পরিবেশবান্ধব করে তুলছে বাংলালিংক। একই সঙ্গে, বিভিন্ন স্থাপনা ও নেটওয়ার্কে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিকে পুনর্ব্যাক্ত করছে অপারেটরটি। এ উদ্যোগ বাংলালিংকের বৃহত্তর ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।





