বিদেশে উচ্চশিক্ষার তথ্য ও দিকনির্দেশনায় চালু হলো ফ্রি এআই প্ল্যাটফর্ম ‘লাট্টু ডট এআই’
ক.বি.ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অনলাইন প্ল্যাটফর্ম ‘লাট্টু ডট এআই’ (Lattu.ai)। বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ জেফার ল্যাবসের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মে বিদেশে পড়াশোনার পরিকল্পনা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং বৃত্তি খোঁজার মতো বিভিন্ন বিষয়ে বিনামূল্যে তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটিতে ১৮টির বেশি দেশের প্রায় ৩ হাজার বিশ্ববিদ্যালয়, ৮০০টির বেশি বিষয় এবং ১০০টির বেশি আন্তর্জাতিক বৃত্তির তথ্য যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, সময়সীমা, সম্ভাব্য খরচ, আবাসন ও প্রয়োজনীয় ঠিকানা সহ বিদেশে উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য এক জায়গায় দেয়া হয়েছে।
জেফার ল্যাবস জানিয়েছে, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা, পছন্দ, বাজেট ও ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে বিদেশে উচ্চশিক্ষার সম্ভাব্য পথ খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা
বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার ৭৯৯। ২০১০ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। সাম্প্রতিক সময়ে বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে নির্ভরযোগ্য ও প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পাওয়ার সুযোগ এখনও সীমিত। কোন দেশে পড়াশোনা করা উচিত, কোন বিশ্ববিদ্যালয় বা বিষয় বেছে নেয়া ভালো, নিজের যোগ্যতার সঙ্গে কোন বৃত্তি মিলতে পারে কিংবা বিদেশে গিয়ে কোথায় থাকা যাবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে বিভিন্ন উৎসের ওপর নির্ভর করতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, শিক্ষামেলা, বিভিন্ন পরামর্শদাতা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত ব্লগে ছড়িয়ে থাকা তথ্যের কারণে অনেক সময় সিদ্ধান্ত নেয়া আরও কঠিন হয়ে পড়ে। অপর্যাপ্ত বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়ায় আবেদন প্রক্রিয়ায় ব্যর্থতা কিংবা অতিরিক্ত খরচের মতো সমস্যায়ও পড়তে হয় শিক্ষার্থীদের।
এক জায়গায় বিভিন্ন তথ্য ও সেবা
এই বাস্তবতাকে সামনে রেখে ‘লাট্টু ডট এআই’ (Lattu.ai)-তে বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপের তথ্য এক জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। প্ল্যাটফর্মটির অন্যতম সুবিধা হলো এআই জার্নি প্ল্যানার। এর মাধ্যমে শিক্ষার্থীর লক্ষ্য, বাজেট, শিক্ষাগত পটভূমি ও পছন্দের ভিত্তিতে ব্যক্তিগত উচ্চশিক্ষা পরিকল্পনা তৈরির সুযোগ রয়েছে। কান্ট্রি এক্সপ্লোরার সুবিধায় বিভিন্ন দেশে পড়াশোনার সম্ভাব্য খরচ, আবেদন প্রক্রিয়া ও ঝুঁকি তুলনা করা যাবে। স্কলারশিপ হাব থেকে বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির তথ্য খুঁজে নেয়ার পাশাপাশি নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃত্তি বেছে নেয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া অ্যাপ্লিকেশন ট্র্যাকার ব্যবহার করে আবেদন প্রস্তুতি থেকে শুরু করে বিদেশে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে। অন্য আবেদনকারীদের অভিজ্ঞতা জানতে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য রয়েছে কমিউনিটি ফোরাম। বিভিন্ন দেশের ভিসা নীতি ও উচ্চশিক্ষাসংক্রান্ত পরিবর্তনের খবর জানার জন্য রাখা হয়েছে নিউজ সেকশন।
প্রযুক্তিবিদদের উদ্যোগ
‘লাট্টু ডট এআই’ (Lattu.ai) তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন মাইক্রোসফট, ডিজনি, গুগল ও অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা বাংলাদেশি প্রযুক্তিবিদেরা। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের অভিজ্ঞতার আলোকে দেশের শিক্ষার্থীদের তথ্যসংকট দূর করার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
‘লাট্টু ডট এআই’-এর সহ-প্রতিষ্ঠাতা ও মাইক্রোসফটে কাজের অভিজ্ঞতাসম্পন্ন সফটওয়্যার প্রকৌশলী পল্লব মাহমুদ বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনা করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ধরনের তথ্য খুঁজতে হয়। এসব তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীরা যাতে সহজে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার পরিকল্পনা করতে পারেন, সে লক্ষ্যেই প্রয়োজনীয় তথ্যগুলো একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের শুরু থেকে পরিকল্পনা সাজাতে সহায়তা করাই ‘লাট্টু ডট এআই’-এর অন্যতম উদ্দেশ্য।
বিনামূল্যে ব্যবহার করা যাবে
‘লাট্টু ডট এআই’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে শিক্ষার্থীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য কোথা থেকে শুরু করতে হবে, কোন দেশ বা বিশ্ববিদ্যালয় নিজের জন্য উপযুক্ত হতে পারে এবং কোন বৃত্তির জন্য আবেদন করা সম্ভব এসব বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ রয়েছে এতে।
জেফার ল্যাবসের দাবি, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য খোঁজার জটিলতা কমিয়ে শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও গোছানো করাই লাট্টু ডট এআইয়ের লক্ষ্য। প্ল্যাটফর্মটির বিভিন্ন সেবা শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।





