বাক্কো ট্রেনিং ল্যাব উদ্বোধন এবং এএসও কোর্সের প্রশিক্ষণ শুরু
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম। বাক্কো ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে ওঠল।
সম্প্রতি বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিপ-বাক্কো প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। উপস্থিত ছিলেন সিসিপ-বাক্কো প্রকল্পের সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো.মাহতাবুল হক, বাক্কো-এর সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহসভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, পরিচালকবৃন্দ সায়মা শওকত এবং আব্দুল কাদের।
অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (এএসও) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়। এর পাশাপাশি, এআই, ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বাক্কোর, যার মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে। শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির এ উদ্যোগ দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সরকারের সিসিপ প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ শিল্পখাত ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মধ্যে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি, দেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতের বিস্তৃত সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল পেশাদার হিসেবে গড়ে তুলতে এই ট্রেনিং ল্যাব একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।





