একটি লো লেটেন্সি ডোমেস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি
নিক্স কবির: বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে শুধু ইন্টারনেট অ্যাক্সেস থাকলেই হয় না- দরকার দ্রুততা, স্থিতিশীলতা এবং ডেটা দেশের ভেতরে রাখার সক্ষমতা। এই বাস্তবতায় সংযোগ, এক নাগরিক ডিজিটাল পরিচয়, এআই-সক্ষম বাংলাদেশ, ডেটা সেন্টার অবকাঠামো এবং বিষয়বস্তু ও আইএক্সপি/নিক্স এই পাঁচটি স্তম্ভকে একসঙ্গে নিয়ে একটি লো লেটেন্সি ডোমেস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।
প্রথমত, শক্তিশালী সংযোগ নেটওয়ার্কের ভিত্তি তৈরি করে। যখন ইন্টারনেট এক্সচেঞ্জ (আইএক্সপি/নিক্স)- এর মাধ্যমে লোকাল ট্রাফিক লোকাল থাকে, তখন লেটেন্সি কমে, স্পিড বাড়ে এবং সার্ভিস অনেক বেশি স্মুথ হয়। এতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের চাপও কমে।
দ্বিতীয়ত, এক নাগরিক ডিজিটাল পরিচয় একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে নাগরিকের সব সেবা সংযুক্ত থাকে। এই সিস্টেম কার্যকর করতে হলে রিয়েল-টাইম ডেটা ভেরিফিকেশন দরকার, যা শুধুমাত্র দেশের ভেতরের দ্রুত নেটওয়ার্কের মাধ্যমেই সম্ভব।
তৃতীয়ত, এআই-সক্ষম বাংলাদেশ এআই নির্ভর সেবা যেমন স্মার্ট গভর্নেন্স, হেলথ, ফিনটেক, ট্রাফিক সবকিছুই রিয়েল-টাইম প্রসেসিং চায়। এজন্য স্থানীয় কমপিউটার, অ্যাডজ নোড এবং উচ্চ-গতির আন্তঃসংযোগ দরকার, যা লো লেটেন্সি ডোমেস্টিক নেটওয়ার্ক ছাড়া সম্ভব না।
চতুর্থত, ডেটা সেন্টার অবকাঠামো এই পুরো ব্যবস্থার মেরুদণ্ড। দেশের ভেতরে শক্তিশালী ডেটা সেন্টার থাকলে
অ্যাপ্লিকেশন ও ক্লাউড সার্ভিস লোকালভাবে হোস্ট করা যায়, ডেটা দ্রুত প্রসেস হয়, সিকিউরিটি ও কমপ্লায়েন্স নিশ্চিত হয়, এআই ও সিডিএন ওয়ার্কলোড সহজে পরিচালনা করা যায়।
পঞ্চমত, বিষয়বস্তু ও আইএক্সপি/নিক্স ইকোসিস্টেম এই নেটওয়ার্ককে আরও কার্যকর করে তোলে। যদি বড় কনটেন্ট প্রোভাইডার, সিডিএন, ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ক্যাশ সার্ভারগুলো আইএক্সপি/নিক্স-এ সংযুক্ত থাকে, তাহলে ব্যবহারকারিরা লোকাল সার্ভার থেকেই কনটেন্ট পায়, লেটেন্সি আরও কমে যায়, আন্তর্জাতিক লিংকের ওপর নির্ভরতা কমে, ব্যান্ডউইডথ খরচ কমে এবং সার্ভিস কোয়ালিটি বাড়ে।
এই পাঁচটি স্তম্ভ একসঙ্গে কাজ করলে একটি পূর্ণাঙ্গ ডোমেস্টিক ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হয় যেখানে দেশের ডেটা দেশে থাকে, সব ডিজিটাল সেবা দ্রুত ও নির্ভরযোগ্য হয়, খরচ কমে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং স্থানীয় কনটেন্ট, স্টার্টআপ ও ইনোভেশন দ্রুত বাড়ে।
সংক্ষেপে, সংযোগ + ডিজিটাল পরিচয় + এআই + ডেটা সেন্টার + বিষয়বস্তু ও আইএক্সপি/নিক্স এই সমন্বয়ই বাংলাদেশের জন্য একটি সত্যিকারের লো লেটেন্সি, হাই পারফরম্যান্স ডোমেস্টিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। এটিই ভবিষ্যতের স্মার্ট, স্বনির্ভর এবং ডেটা-ড্রিভেন বাংলাদেশের শক্ত ভিত্তি।
লেখক: নিক্স কবির, সিনিয়র ম্যানেজার- বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট (আইএসপিএবি-নিক্স)





