২০ জুন অনুষ্ঠিত হবে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’
ক.বি.ডেস্ক: আগামী ২০ জুন চট্টগ্রামে ‘যেখানে প্রতিভা বৈশ্বিক সুযোগের সঙ্গে মিলিত হয়’ স্লোগানে অনুষ্ঠিত হবে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)”। সামিটে ক্যারিয়ার এক্সপো, পলিসি ডায়লগ, ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম, বিপিও অলিম্পিয়াড, রাউন্ডটেবিল আলোচনা, সেমিনার এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজন করা হবে।
আজ মঙ্গলবার (১৬ জুন) আসন্ন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর উদ্যোগে ‘ভবিষ্যৎ নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যারিয়ার সংগঠন, শিক্ষার্থী সংগঠন, লিডারশিপ ফোরাম, লিও ক্লাব ও ইয়ুথ ক্লাব সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় চট্টগ্রামের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনা, আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ এবং তরুণদের বৈশ্বিক কর্মবাজারের সঙ্গে সম্পৃক্ত করার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে ওঠে আসে। বিপিও সামিট চট্টগ্রাম- এর উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম, তরুণদের অংশগ্রহণের সুযোগ এবং এই সামিটের মাধ্যমে চট্টগ্রামের যুবসমাজ কীভাবে উপকৃত হতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চট্টগ্রামের বিপুল তরুণ জনশক্তি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর উদ্যোগসমূহকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের অন্যতম আউটসোর্সিং ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং উদ্ভাবনী মানসিকতা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা সম্ভব।





