সাম্প্রতিক সংবাদ

সাশ্রয়ী স্মার্টফোন ও কম মূল্যে ইন্টারনেট দেয়ার প্রধানমন্ত্রীর আহ্বান

ক.বি.ডেস্ক: দেশের সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নেয়ার জন্য বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইন্টারনেট সেবার মূল্য আরও কমিয়ে ডিজিটাল সেবা জনগণের নাগালের মধ্যে আনার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। ভিওনের প্রতিনিধিদলে আরও ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে হলে এর মূল্য আরও সাশ্রয়ী করতে হবে। এ লক্ষ্যে বাংলালিংককে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানাই। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টিও বিবেচনায় নেয়ার জন্য বাংলালিংকের প্রতি আহ্বান জানাই।’’

ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, ‘‘বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হতে চায় ভিওন। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই আকর্ষণে প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করতে প্রতিষ্ঠানটি প্রস্তুত। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে।’’

বাংলালিংকের সিইও ইয়োহান বুসে বলেন, ‘‘দেশের ডিজিটাল ও আর্থিক রূপান্তরের যাত্রায় সরকারের অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। ধারাবাহিক বিনিয়োগ, উদ্ভাবন ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে কার্যকর ডিজিটাল ও আর্থিক সেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।’’

সাক্ষাৎকালে দেশে ডিজিটাল সেবার প্রসার, প্রযুক্তির সহজলভ্যতা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের লক্ষ্য অনুযায়ী ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদারের বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *