সাম্প্রতিক সংবাদ

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের পরামর্শ সভা

ক.বি.ডেস্ক: সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা করেছে সরকার। সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ড সমুন্নত রেখে সাইবার নিরাপত্তা আইন কাঠামো শক্তিশালী করতে চায় সরকার। অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটাল হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সাইবার হুমকির পরিসর ও জটিলতা। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে উদ্বেগ ছিল। সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই উন্নয়ন সহযোগীদের মতামত নেয়া হচ্ছে।”

মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সরকার কোনও জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে চায় না। প্রযুক্তির অপব্যবহার রোধে আইনের সংশোধন প্রয়োজন। একই সঙ্গে নাগরিক অধিকার সুরক্ষা এবং আইন প্রয়োগের অপব্যবহার ঠেকানোর বিষয়েও সরকার সতর্ক। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনা সহ প্রয়োজনীয় প্রতিকারব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ন রাখতেই কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে।”

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখতে চায় সরকার।”

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এআইনির্ভর সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে কাজ করছে সরকার।”

সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীরা সংশোধিত আইনের খসড়া নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানান। তাদের মতে, কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব।

উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেয়ার বিধান সহ খসড়ায় আনা ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেন তারা। মানহানির ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকারের বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তারা।

এ ছাড়া অনলাইন কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন উন্নয়ন সহযোগীরা।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন। এ সময় আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *