প্রযুক্রির পণ্য ল্যাপটপ

রাইজেন ৯ ও আরটিএক্স ৫০৯০ গ্রাফিকসসহ গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

ক.বি.ডেস্ক: উচ্চক্ষমতার গেমিংয়ের জন্য নতুন ল্যাপটপ এনেছে গিগাবাইট। ‘অরাস মাস্টার ১৬ জেন ২’ সিরিজের এই ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন ৯ ৯৯৫০এইচএক্স৩ডি প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ অথবা আরটিএক্স ৫০৮০ গ্রাফিকসের বিকল্প। উন্নত শীতলীকরণব্যবস্থা, উচ্চ গতির পর্দা ও শক্তিশালী ব্যাটারির কারণে ল্যাপটপটি গেমারদের পাশাপাশি ভারী কাজ করা ব্যবহারকারীদেরও আকর্ষণ করতে পারে।

ল্যাপটপটির রাইজেন ৯ ৯৯৫০এইচএক্স৩ডি প্রসেসরে রয়েছে ১৬টি কোর, সর্বোচ্চ ৫.৪০ গিগাহার্টজ গতি এবং ১২৮ মেগাবাইট এলথ্রি ক্যাশ। এএমডির ত্রিমাত্রিক ভি-ক্যাশ প্রযুক্তি ব্যবহারের ফলে গেম খেলার সময় দ্রুত তথ্য প্রক্রিয়াকরণে সুবিধা পাওয়ার কথা।

গ্রাফিকসের জন্য আরটিএক্স ৫০৯০ সংস্করণে রয়েছে ২৪ গিগাবাইট এবং আরটিএক্স ৫০৮০ সংস্করণে ১৬ গিগাবাইট জিডিডিআর৭ ভিডিও মেমোরি। দুটি সংস্করণেই সর্বোচ্চ ৬৪ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। সংরক্ষণব্যবস্থায় থাকছে পঞ্চম প্রজন্মের পিসিআইই এনভিএমই ও চতুর্থ প্রজন্মের এসএসডি সংযোগের ব্যবস্থা।

অরাস মাস্টার ১৬ জেন ২-তে রয়েছে ১৬ ইঞ্চি ওএলইডি পর্দা। এর রেজ্যুলেশন ২,৫৬০ × ১,৬০০ পিক্সেল, রিফ্রেশ রেট ২৪০ হার্টজ এবং রেসপন্স টাইম সর্বোচ্চ ০.২ মিলিসেকেন্ড। পাশাপাশি রয়েছে ১০ লাখ অনুপাতের ১ কনট্রাস্ট রেশিও, ডিসিআই-পিথ্রি রঙের পরিসরের শতভাগ সমর্থন এবং ভেসা ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ১০০০ সনদ।

প্রসেসর ও গ্রাফিকসের তাপ নিয়ন্ত্রণে গিগাবাইট ব্যবহার করেছে উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স শীতলীকরণব্যবস্থা, যা সর্বোচ্চ ২৩০ ওয়াট তাপ নিয়ন্ত্রণের উপযোগী। এতে রয়েছে দুটি বিশেষ পাখা, বাষ্পকক্ষভিত্তিক তাপ অপসারণব্যবস্থা এবং চারটি বায়ু নির্গমনপথ। ল্যাপটপটিতে রয়েছে ৯৯ ওয়াট-ঘণ্টার ব্যাটারি, ওয়াই-ফাই ৭, অবলোহিত ক্যামেরা, এইচডিএমআই ২.১, ইউএসবি৪, ইউএসবি-এ ও ইউএসবি-সি সংযোগ। দ্রুত চার্জিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সংযোগে ৩০ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যায়।

যুক্তরাষ্ট্রের অ্যামাজনে আরটিএক্স ৫০৯০ সংস্করণটি ৩২ গিগাবাইট র‍্যাম ও ২ টেরাবাইট এসএসডিসহ ৪ হাজার ৭৯৯.৯৯ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ৩২ গিগাবাইট র‍্যাম ও তুলনামূলক কম সংরক্ষণক্ষমতার আরটিএক্স ৫০৮০ সংস্করণটির মূল্য ৩ হাজার ৩৯৯.৯৯ ডলার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *