যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রযুক্তিতে ব্যবহৃত হবে ওয়ালটনের পিসিবিএ
ক.বি.ডেস্ক: বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করছে দেশীয় টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের নানান দেশে পিসিবিএ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্য রপ্তানি করছে ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিকমানের পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার অঞ্চলের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ওয়ালটন পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশর্ট সনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইস কনসিন প্রদেশে অবস্থিত আইসিটি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড আমদানি করছে। যুক্তরাষ্ট্রের স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ জনসাধারণের জীবন রক্ষার কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সেফপ্রো টেকনোলজিসের ব্যাপক সুনাম ও অবদান রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী এবং এসএম মঞ্জুরুল আলম সহ ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “ওয়ালটন সত্যিই এক বিস্ময়। ওয়ালটন যে এত সুন্দর এবং সুবিশাল দেশীয় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে তা দেখে আমরা অভিভূত। বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধিক প্রযুক্তি পণ্য উৎপাদন করতে পারে তা ওয়ালটন প্রমাণ করেছে। ওয়ালটন নিয়ে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৬- ২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু কর ও শুল্ক সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে।”
বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে সুবিশাল এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, কম্প্রেসার, টিভি, এসি, ল্যাপটপ, কমপিউটার, মোবাইল ফোন, ফ্যান, ক্যাবলস, ভিআরএফ ও চিলার, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং লিফটসহ বিভিন্ন উচ্চমানের পণ্য তৈরি হচ্ছে। উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উদ্ভাবন (আরএন্ডআই), মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে ওয়ালটন।





