সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে টিপিএস-এর কান্ট্রি লিড হলেন আব্দুল্লাহ আল মুজাহিদ

ক.বি.ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান টিপিএস ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ- এর কান্ট্রি লিড হিসেবে আব্দুল্লাহ আল মুজাহিদ (তারিফ)-কে নিয়োগ দিয়েছে। দেশের বাজারে ব্যবসায়িক সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব এবং ডিজিটাল পেমেন্ট সেবার প্রসারে তিনি নেতৃত্ব দেবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন দায়িত্বে আব্দুল্লাহ আল মুজাহিদ (তারিফ) বাংলাদেশে টিপিএস-এর বিক্রয় কার্যক্রম, ব্যবসা উন্নয়ন, কৌশলগত অংশীদারত্ব এবং গ্রাহক সম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করবেন। এ লক্ষ্যে তিনি দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, নিয়ন্ত্রক সংস্থা এবং প্রযুক্তি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এর মাধ্যমে দেশে আধুনিক পেমেন্ট ব্যবস্থা ও ডিজিটাল ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, ব্যাংকিং এবং পেমেন্ট সলিউশন খাতে আব্দুল্লাহ আল মুজাহিদ (তারিফ)- এর ১৬ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি প্রাইসওয়াটারহাউসকুপারস, হুয়াওয়ে টেকনোলজিস, টেকনোক্রাফট সুইচগিয়ার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড এবং ডাটা-এজ লিমিটেড-এ গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে তিনি পেমেন্ট সিস্টেম, কোর ব্যাংকিং, সাইবার নিরাপত্তা, ক্লাউড প্রযুক্তি, এন্টারপ্রাইজ অবকাঠামো এবং ডিজিটাল রূপান্তর–সংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। এসব প্রকল্পের আওতায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

নিয়োগ-পরবর্তী প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মুজাহিদ (তারিফ) বলেন, “বাংলাদেশ এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক বাজারগুলোর একটি। টিপিএস-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমাদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করে নিরাপদ, উদ্ভাবনী এবং ভবিষ্যৎ উপযোগী পেমেন্ট সমাধান পৌঁছে দিতে চাই, যা দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”

প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন টিপিএস ওয়ার্ল্ডওয়াইড বিশ্বের ৩০টিরও বেশি দেশে ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান এবং পেমেন্ট প্রসেসরদের জন্য পেমেন্ট অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট সুইচিং, কার্ড ম্যানেজমেন্ট, ইনস্ট্যান্ট পেমেন্ট, মার্চেন্ট অ্যাকোয়ারিং এবং বিভিন্ন আর্থিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে।

প্রতিষ্ঠানটির মতে, এই নিয়োগ বাংলাদেশের বাজারে টিপিএস-এর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্থানীয় নেতৃত্ব, কৌশলগত অংশীদারত্ব এবং বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে আরও কার্যকর ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *