আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

প্রসেসরের মূল্য বাড়াচ্ছে কোয়ালকম, ইন্টেল ও এএমডি; পিসি কেনা হবে আরও ব্যয়বহুল

ক.বি.ডেস্ক: ব্যক্তিগত কমপিউটার (পিসি) ও ল্যাপটপ কেনার খরচ আরও বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসার এবং সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপে র‍্যাম ও গ্রাফিকস কার্ডের (জিপিইউ) পর এবার প্রসেসরের মূল্য বাড়ানোর পথে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

কোয়ালকম, ইন্টেল ও এএমডির সম্ভাব্য মূল্যবৃদ্ধিতে নতুন পিসি কেনা কিংবা পুরোনো কমপিউটার আপগ্রেড করা আরও ব্যয়বহুল হয়ে ওঠতে পারে। প্রযুক্তিবাজারের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো প্রসেসরের মূল্য সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে। এর প্রভাব পড়তে পারে ডেস্কটপ কমিপউটার থেকে শুরু করে আধুনিক ল্যাপটপের বাজারেও।

কোয়ালকম চলতি মাস থেকেই প্রসেসরের মূল্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রসেসরের মূল্য প্রায় ১০ শতাংশ বাড়তে পারে। এর মধ্যে স্ন্যাপড্রাগন চিপসেটনির্ভর আধুনিক ল্যাপটপের প্রসেসরও রয়েছে। ল্যাপটপ নির্মাতা ডেল, লেনোভো ও এইচপির মতো প্রতিষ্ঠানগুলো কোয়ালকমের চিপ ব্যবহার করে থাকে। উৎপাদন পর্যায়ে প্রসেসরের মূল্য বাড়লে বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও পড়তে পারে। বিশেষ করে এআরএম আর্কিটেকচারনির্ভর কমপিউটারের বাজারে এর প্রভাব দেখা যেতে পারে।

ইন্টেলও প্রসেসরের মূল্য বাড়ানোর পথে রয়েছে। প্রতিষ্ঠানটি গত সেপ্টেম্বর মাস থেকেই মূল্য সমন্বয় শুরু করেছে। সাধারণ পিসি প্রসেসরের মূল্য প্রায় ১০ শতাংশ বাড়তে পারে। তবে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে ইন্টেলের পরবর্তী প্রজন্মের প্যান্থার লেক প্রসেসরের নির্দিষ্ট উচ্চপর্যায়ের কনফিগারেশনে। বিশেষ করে বড় কোর ও ডিসপ্লে-সংশ্লিষ্ট প্রযুক্তি সংবলিত সংস্করণগুলোর মূল্য ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উন্নত উৎপাদনপ্রক্রিয়া এবং চিপের জটিল নকশার কারণে এসব প্রসেসর তৈরির খরচ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্টেল ও কোয়ালকমের বাইরে থাকছে না এএমডিও। প্রতিষ্ঠানটি নিকট ভবিষ্যতে প্রসেসরের মূল্য সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে। তবে এএমডির সম্ভাব্য মূল্যবৃদ্ধির নির্দিষ্ট হার এখনও স্পষ্ট নয়।

প্রসেসরের মূল্য বাড়লে নতুন ডেস্কটপ পিসি ও ল্যাপটপের বাজারমূল্যেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের প্রসেসরনির্ভর ডিভাইসের প্রাথমিক মূল্য আগের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রসেসরের মূল্য বাড়লেই সব পিসি ও ল্যাপটপের মূল্য একই হারে বাড়বে, এমন নয়। নির্মাতাদের মূল্যনীতি, ডিভাইসের কনফিগারেশন, বাজারের প্রতিযোগিতা এবং স্থানীয় আমদানি ব্যয়ের ওপর চূড়ান্ত মূল্য নির্ভর করবে।

যারা শিগগিরই নতুন কমপিউটার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বর্তমান বাজারদর ও ছাড়ের সুযোগ তুলনা করে দেখা গুরুত্বপূর্ণ। কারণ, প্রসেসরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মূল্য বাড়লে ভবিষ্যতে পিসি আপগ্রেডের বাজেটও নতুন করে হিসাব করতে হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *