উল্কাসেমি ‘ভিএলএসআইথন ৩.০’-এ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন
ক.বি.ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক ভিএলএসআই খাতের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’ এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’।
‘ভিএলএসআইথন ৩.০’ প্রতিযোগিতায় সারাদেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে অংশ নেয় মোট ২০৬ জন শিক্ষার্থী। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত উল্কাসেমির আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিধি ছিলেন পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম এবং উল্কাসেমির প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সেরা দশ দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, ইউভিটিআইয়ের ট্রেইনার-শিক্ষার্থী এবং উল্কাসেমির কর্মকর্তাবৃন্দ।

উল্কাসেমি ‘ভিএলএসআইথন ৩.০’-এ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ডেভিয়েশন পেয়েছে ১ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্স-আপ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ভলটিক্স পেয়েছে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ডেনসিটি ডিমনস পেয়েছে ৪০ হাজার টাকা পুরস্কার।
প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, ‘‘একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একসঙ্গে এই ধরণের আয়োজন ভবিষ্যতে আরও শিক্ষার্থী সেমিকন্ডাক্টর সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হবে।’’
মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘‘ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা আর শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে ব্রিজ তৈরি করছে। দেশে ভিএলএসআইথনে অংশগ্রহণ করা অনেক প্রতিযোগিই এখন উল্কাসেমি সহ অন্যন্য প্রতষ্ঠানে সফলভাবে কর্মরত। এটা প্রমাণ করে এ ধরনের প্রতিযোগিতা কীভাবে একজন শিক্ষার্থীকে সরাসরি ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে পারে। সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে চাইলে ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে।’’





