ইন্দোনেশিয়ায় আইএমএসও’তে লাল-সবুজের পতাকা ওড়াবে ১৬ খুদে শিক্ষার্থী
ক.বি.ডেস্ক: কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কমপিউটার প্রোগ্রামিং করে। কেউ দাবা খেলে, আবার কেউ ছবি আঁকে। বয়সে সবাই প্রাথমিকের গণ্ডি পেরোয়নি, অথচ স্বপ্ন অনেক বড়- কেউ পড়তে চায় এমআইটিতে, কেউ হতে চায় বিজ্ঞানী, আবার কারও স্বপ্ন কার্ডিয়াক সার্জন হওয়া। এই ১৬ খুদে শিক্ষার্থীই এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দীপক শহরে বসছে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও)-এর ২৩তম আসর। ইন্দোনেশিয়ার ম্যাথমেটিকস এডুকেশন ক্লিনিক এবং দেশটির প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবে গণিতের আটজন ও বিজ্ঞানের আটজন শিক্ষার্থী।
‘আইএমএসও’ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার উদ্যোগে শুরু হওয়া এই অলিম্পিয়াড বর্তমানে প্রতিবছর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এতে ১৩ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারে। গত বছর মালয়েশিয়ার কেদাহে অনুষ্ঠিত আইএমএসও-এর ২২তম আসরে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দলের ১২ সদস্যই দুটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জিতে শতভাগ সাফল্য অর্জন করে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ১৬ সদস্যের দল নিয়ে ইন্দোনেশিয়ায় যাচ্ছে বাংলাদেশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সভাপতি মুনির হাসান।
প্রথমবার দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দলের সদস্যরা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সমবয়সী শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তাদের কাছে বিশেষ আকর্ষণের। সন্তানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে গর্বিত অভিভাবকেরাও।
বাংলাদেশের গণিত দল
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির সাত জন শিক্ষার্থী অরিজিৎ সাহা, আলী ওমর, মো. নাবি হোসেন, ইহান আবরাদ রহমান, মো. সামিন সাইফ, শারাফ বিন আনোয়ার, মো. শাহিদ মোরসালিন এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইরতিশ জায়েদ লিয়াম।

বাংলাদেশের বিজ্ঞান দল
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান; এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায় গল্প; সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাহাবী ইবনে কাব্য; বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের (সিরাজগঞ্জ) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার; বাসিরাহ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরহাম আবিদ; ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মিফতাহুল ইসলাম; সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান আফরাদ এবং এ জি চার্চ স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
মোহাম্মদ মুশরিফ আলম।
বাংলাদেশ দলের দলনেতা হিসেবে রয়েছেন বিডিওএসএন ও এসপিএসবির সভাপতি এবং আইএমএসও বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর মুনির হাসান। সহকারী দলনেতা বিডিওএসএনের প্রোগ্রাম ম্যানেজার মো. তানভীরুল ইসলাম। গণিত দলের মেন্টর বুয়েটের আর্কিটেকচার সামিরা সুমাইয়া এবং বিজ্ঞান দলের মেন্টর রুয়েট ইইই মিম নাজ রহমান।
মুনির হাসান বলেন, “গত বছর প্রথমবার অংশ নিয়েই আমাদের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জিতেছিল। এবার দল বড় হয়েছে, প্রস্তুতিও গভীর হয়েছে। প্রাথমিক পর্যায়েই গণিত ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে, সেটিই একদিন দেশের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠবে।”
প্রাথমিকের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে আগ্রহী করে তুলতে গত বছর যাত্রা করে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো এই প্রতিযোগিতা। বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করছে বিডিওএসএন, এসপিএসবি এবং ম্যাসল্যাব।





