সাম্প্রতিক সংবাদ

আইএআইআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করল বাক্কো

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ‘আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছে। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় বাক্কো’র অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) ঢাকার একটি স্থানীয় হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বাক্কো’র সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে বাক্কো’র অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের প্রতিফলন। নীতি-সমর্থন, শিল্প উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাক্কো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফয়সল আলিম বলেন, ‘‘এই আন্তর্জাতিক স্বীকৃতি সমগ্র বাংলাদেশ বিপিও ও আইটিইএস শিল্পের জন্য নিঃসন্দেহে একটি গর্বের অর্জন। আমরা এই পুরস্কার আমাদের সদস্য, শিল্প অংশীদার, সরকারি অংশীজন এবং সেই হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাদার ব্যক্তিকে উৎসর্গ করছি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা আমাদের খাতকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশের জন্য একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিতে বাক্কো সর্বদা অবিচল থাকবে।’’

এই অর্জন বাক্কোর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে আরও বেগবান করেছে। পাশাপাশি বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবায় একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং শিল্পজুড়ে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *