৬৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ, ডেলের নতুন দুই ল্যাপটপে যা থাকছে
ক.বি.ডেস্ক: ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন দুটি ল্যাপটপ উন্মোচন করেছে ডেল টেকনোলজিস। ‘ডেল প্রো এসেনশিয়াল ১৪’ ও ‘ডেল প্রো এসেনশিয়াল ১৫’ মডেলের ল্যাপটপ দুটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ইন্টেল কোর সিরিজ ৩ অথবা এএমডি রাইজেন ২০০ সিরিজের প্রসেসর, সর্বোচ্চ ৬৪ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি সংরক্ষণক্ষমতা।
ডেলের তথ্য অনুযায়ী, আগের প্রজন্মের তুলনায় নতুন ল্যাপটপ দুটি ১১ শতাংশ বেশি পাতলা এবং ৯ থেকে ১৬ শতাংশ হালকা। এগুলো পাওয়া যাবে আকাশি নীল ও প্লাটিনাম রুপালি রঙে। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৬:১০ অনুপাতের পর্দা। ক্রেতারা ৪০০ নিট উজ্জ্বলতার এফএইচডি প্লাস অথবা ৫০০ নিট উজ্জ্বলতার ২.৫কে পর্দার বিকল্প পাবেন। ভিডিও কলের জন্য থাকছে এইচডি অথবা এফএইচডি ইনফ্রারেড ক্যামেরা এবং দুটি মাইক্রোফোন।
কাজের সুবিধা বাড়াতে কিবোর্ডে মাইক্রোফোন বন্ধ করা, কণ্ঠের মাধ্যমে লেখা এবং পর্দার ছবি তোলার জন্য আলাদা বোতাম রয়েছে। মাইক্রোফোন বন্ধ করার বোতামে সংকেতবাতিও দেয়া হয়েছে। আগের প্রজন্মের তুলনায় টাচপ্যাডের আকার বেড়েছে ৬ শতাংশ।
ল্যাপটপ দুটিতে রয়েছে দুটি ইউএসবি-সি, দুটি ইউএসবি-এ, এইচডিএমআই ও অডিও সংযোগের ব্যবস্থা। ইন্টেল প্রসেসরযুক্ত সংস্করণে থাকছে তারযুক্ত নেটওয়ার্ক সংযোগের জন্য আরজে-৪৫ পোর্ট। নিরাপত্তার জন্য এতে রয়েছে হার্ডওয়্যারভিত্তিক টিপিএম নিরাপত্তা চিপ, আঙুলের ছাপ শনাক্তকরণ অথবা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই, ক্যামেরার যান্ত্রিক ঢাকনা এবং নিরাপত্তা তালা লাগানোর ব্যবস্থা।
ল্যাপটপ দুটি সামরিক মানদণ্ড এমআইএল-৮১০এইচ অনুযায়ী পরীক্ষিত। এগুলো ইপিইএটি গোল্ড ক্লাইমেট প্লাস নিবন্ধিত ও এনার্জি স্টার সনদপ্রাপ্ত। পাশাপাশি পণ্যের মোড়ক তৈরিতে শতভাগ পুনর্ব্যবহৃত অথবা নবায়নযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে। ছোট ব্যবসার পরিবর্তনশীল কাজের ধরন বিবেচনায় রেখে ল্যাপটপ দুটি তৈরি করা হয়েছে। কর্মক্ষমতা, উৎপাদনশীলতা ও নিরাপত্তার সমন্বয়ের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ওপরও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতে ডেল প্রো এসেনশিয়াল ১৪-এর মূল্য শুরু হয়েছে ৮৫ হাজার ৫০০ রুপি থেকে। অন্যদিকে, প্রো এসেনশিয়াল ১৫-এর প্রারম্ভিক মূল্য ৮৬ হাজার ২০০ রুপি। ডেলের নিজস্ব অনলাইন বিক্রয়কেন্দ্র থেকে ল্যাপটপ দুটি কেনা যাচ্ছে।





