সাম্প্রতিক সংবাদ

ডেটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই, চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’

ক.বি.ডেস্ক: দেশের বিচ্ছিন্ন ডিজিটাল তথ্যভান্ডারগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। পাশাপাশি ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিজস্ব বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি, শেয়ারড জিপিইউ অবকাঠামো গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তা জোরদারে কাজ চলছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সচিব ড. মো. মামুনুর রশিদ ভূঁইয়া দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রযুক্তি সাংবাদিক ও একাডেমিক পেশাজীবীদের সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)-এর কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান। সভায় আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সিটিজে-এর সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদ, সহসভাপতি মিজানুর রহমান সোহেল, পরিচালক (সাংগঠনিক) রেজাউল করিম জ্যান, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক কাজী সোহাগ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার রাহিতুল ইসলাম সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আইসিটি সচিব ড. মো. মামুনুর রশিদ ভূঁইয়া জানান, ‘‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন ও করসংক্রান্ত তথ্য সহ নাগরিকদের বিভিন্ন সরকারি ডেটাবেজ সমন্বিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এতে তথ্যের অপব্যবহার, পরিচয় জালিয়াতি ও বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধ সহজ হবে। সরকারি দপ্তরগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশ্বস্ত ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজও চলছে।’’

সচিব ড. মো. মামুনুর রশিদ ভূঁইয়া আরও জানান, ‘‘দেশের সাইবার স্পেস নিরাপদ রাখতে সাইবার সিকিউরিটি এজেন্সিকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এজেন্সিটিতে ১২০ জন জনবল নিয়োগের কার্যক্রম চলছে, যাদের একটি বড় অংশ হবেন কারিগরি বিশেষজ্ঞ। এআইয়ের যুগে দেশের তথ্যের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব বাংলা এআই মডেল এবং শেয়ারড জিপিইউ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ‘স্টার্টআপ বাংলাদেশ’ ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের অর্থায়নের কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব সেতু ও টোল প্লাজার জন্য একটি সমন্বিত ‘ইউনিফাইড ডিজিটাল টোল সিস্টেম’ চালুর পরিকল্পনা রয়েছে।’’

সভায় সিটিজে-এর সভাপতি হাসান জাকির আইসিটি বিভাগের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ জনবল তৈরির নামে নামমাত্র প্রশিক্ষণ আয়োজন করে কোনও গোষ্ঠীকে অর্থ আত্মসাতের সুযোগ দেয়া যাবে না। একই সঙ্গে অর্থের অপচয় হয় এমন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকার দাবি জানান।

সিটিজ-এর মহাসচিব সাইফ আহমাদ প্রযুক্তি খাতে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এ ছাড়া উদ্ভাবনী উদ্যোগ সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেয়া অর্থ যেন প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অর্থায়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধেরও দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় সিটিজে-এর পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সংবাদ প্রতিবেদন তৈরির প্রয়োজনে সাংবাদিকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেয়া, এআই ও সাইবার নিরাপত্তা সহ প্রযুক্তির নতুন খাত এবং কারিগরি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মশালার আয়োজন এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটি ও সভায় সিটিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

প্রযুক্তি খাতের স্বচ্ছতা ও অবকাঠামোগত সংস্কারে সিটিজের পর্যবেক্ষণ ও দাবিগুলোকে সময়োপযোগী উল্লেখ করে আইসিটি সচিব ড. মো. মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, ‘‘স্বচ্ছতা নিশ্চিত করতে আইসিটি বিভাগ বদ্ধপরিকর। আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া আর কোনও প্রশিক্ষণ দেয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। ফলে নামমাত্র কোনও প্রশিক্ষণ কর্মসূচি আর পরিচালিত হবে না। স্টার্টআপ সহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *