গেমিংয়ের পাশাপাশি ৪কে ভিডিও এডিটিং, আসুসের ছোট কমপিউটারে মিলবে ডেস্কটপের শক্তি
গেম খেলা থেকে শুরু করে উচ্চ রেজ্যুলেশনের ভিডিও এডিটিং সব কাজেই শক্তিশালী কমপিউটার প্রয়োজন। তবে বড় আকারের ডেস্কটপ কমপিউটারের বিকল্প হিসেবে ছোট আকারের শক্তিশালী ডিভাইস চাইলে আসুসের আরওজি এনইউসি ১৬ হতে পারে একটি বিকল্প। গেমারদের জন্য তৈরি এই ক্ষুদ্রাকৃতির কমপিউটারে রয়েছে ইনটেল কোর আল্ট্রা ৯ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৮০ গ্রাফিকস।
ছোট আকারে শক্তিশালী যন্ত্রাংশ
কমপিউটারটির দৈর্ঘ্য ২৮২.৪, প্রস্থ ১৮৯.৫ ও পুরুত্ব ৫৬.৫ মিলিমিটার। ওজন ৩.১২ কেজি। খুলে রাখা যায় এমন স্ট্যান্ড থাকায় এটি খাড়া বা আড়াআড়ি দুইভাবেই রাখা সম্ভব। ফলে ডেস্কে জায়গা বাঁচানো সহজ হয়। যন্ত্রাংশের নাগাল পেতে আলাদা সরঞ্জাম ছাড়াই এর ভেতরের অংশ খোলা যায়। রয়েছে ইনটেল কোর আল্ট্রা ৯ ২৯০এইচএক্স প্লাস প্রসেসর, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৮০ গ্রাফিকস এবং ৩২ গিগাবাইট ডিডিআর৫ র্যাম। প্রয়োজনে র্যাম সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। তথ্য সংরক্ষণের জন্য রয়েছে দুটি এম.২ এনভিএমই স্লট একটি চতুর্থ ও অন্যটি পঞ্চম প্রজন্মের। রয়েছে ১ টেরাবাইটের দ্রুতগতির এসএসডি।
গেমিং ও ভিডিও এডিটিংয়ে পারদর্শী
বিভিন্ন কর্মক্ষমতা পরীক্ষায় কমপিউটারটি ভালো ফল করেছে। পিসিমার্ক ১০ পরীক্ষায় এর স্কোর ৯,৯০৩। গিকবেঞ্চ ৭ পরীক্ষায় একক কোরে ২,৬৮৯ এবং একাধিক কোরে ২৩,৬০২ স্কোর পেয়েছে। অন্যদিকে, থ্রিডিমার্ক টাইম স্পাই পরীক্ষায় মোট স্কোর ২১,০০৫। এসব ফলাফল ইঙ্গিত দেয়, কমপিউটারটি আধুনিক গেম খেলার পাশাপাশি ছবি এডিটিং, ভিডিও রেন্ডারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু কাজেও কার্যকর হতে পারে। বিশেষ করে চার হাজার পিক্সেল বা ৪কে ভিডিও এডিটিংয়ে গ্রাফিকস প্রসেসরের ক্ষমতা সুবিধা দেবে। তবে প্রকৃত কর্মক্ষমতা সফটওয়্যার ও কাজের ধরনের ওপর নির্ভর করবে।
শীতলীকরণ ও সংযোগব্যবস্থা
ছোট আকারের মধ্যে শক্তিশালী যন্ত্রাংশের তাপ নিয়ন্ত্রণে এতে তিনটি পাখা ও দুটি বাষ্পকক্ষ ব্যবহার করা হয়েছে। আসুসের দাবি, পূর্ণ কর্মক্ষমতায়ও এর শব্দের মাত্রা ৩৮ ডেসিবেলের নিচে থাকে। সংযোগের জন্য রয়েছে থান্ডারবোল্ট ৪, চারটি ইউএসবি-এ, দুটি এইচডিএমআই ২.১ এবং দুটি ডিসপ্লেপোর্ট ২.১ সংযোগ। পাশাপাশি রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ ও আড়াই গিগাবিট ইথারনেট। ফলে একাধিক পর্দা, দ্রুতগতির বহিরাগত সংরক্ষণযন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্র যুক্ত করা যাবে।
মূল্য ও সীমাবদ্ধতা
সিঙ্গাপুরে আরটিএক্স ৫০৭০ টিআই গ্রাফিকসের সংস্করণটি কিনলে প্রায় ১ হাজার সিঙ্গাপুর ডলার সাশ্রয় করা যাবে। আর ইনটেল কোর আল্ট্রা ৭ ২৭০এইচএক্স প্রসেসর, আরটিএক্স ৫০৬০ গ্রাফিকস ও ১৬ গিগাবাইট র্যামের প্রাথমিক সংস্করণটির মূল্য ৩ হাজার ৫৯৯ সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুরে পর্যালোচনার জন্য ব্যবহৃত সংস্করণটির মূল্য ৫ হাজার ৯৯৯ সিঙ্গাপুর ডলার।
তবে ছোট আকারের কারণে প্রচলিত ডেস্কটপের মতো সহজে সব যন্ত্রাংশ পরিবর্তন বা উন্নত করা যায় না। ১ টেরাবাইট সংরক্ষণক্ষমতাও বড় ভিডিও প্রকল্পের জন্য দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। কম জায়গায় শক্তিশালী গেমিং ও সৃজনশীল কাজের কমপিউটার চান এমন ব্যবহারকারীদের জন্য আসুস আরওজি এনইউসি ১৬ আকর্ষণীয়। তবে ভবিষ্যতে যন্ত্রাংশ পরিবর্তন ও সংরক্ষণক্ষমতা বাড়ানোর স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলে বড় আকারের ডেস্কটপ কমপিউটার বেশি উপযোগী হতে পারে।





